“দুই আসনেই জিতব”, ফের চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন
দুটি আসন থেকে জিতলেও শেষ পর্যন্ত তিনি নওদার বিধায়ক হিসেবেই কাজ চালিয়ে যেতে চান
কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ আসন্ন বিধানসভা নির্বাচনে নওদা ও রেজিনগর—উভয় আসনেই তিনি জয়ী হবেন বলে আত্মবিশ্বাসের সাথে দাবি করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বৃহস্পতিবার নিজের রণকৌশল স্পষ্ট করে তিনি জানান, দুটি আসন থেকে জিতলেও শেষ পর্যন্ত তিনি নওদার বিধায়ক হিসেবেই কাজ চালিয়ে যেতে চান।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, “নওদা ও রেজিনগর আসন দুটিতেই আমি জিতব। তবে নিয়ম মেনে বিধায়ক হিসেবে শপথ গ্রহণের আগে আমাকে একটি আসন ছেড়ে দিতে হবে। দুই এলাকার মানুষই আমাকে চাইছেন ঠিকই, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি রেজিনগর আসনটি ছেড়ে দেব।” তিনি আরও যোগ করেন, তাঁর ছেড়ে দেওয়া আসনে ছ’মাসের মধ্যে যে উপনির্বাচন হবে, সেখানেও তাঁর দলের প্রার্থীই জয়লাভ করবেন। তবে কেন তিনি নওদা আসনটি নিজের কাছে রাখতে চাইছেন, তার নেপথ্যে বড় রাজনৈতিক পরিকল্পনার কথা জানান এই নেতা।
হুমায়ুন কবিরের কথায়, “আমি আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত নওদার বিধায়ক থাকব। কারণ আমার মূল লক্ষ্য বহরমপুর লোকসভা কেন্দ্র। আগামী লোকসভা ভোটে আমি বহরমপুর থেকে প্রার্থী হব। সাংসদ নির্বাচিত হওয়ার পর আমি নওদা বিধানসভা আসনটিও ছেড়ে দেব।”রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগেই নিজের জয়ের ব্যাপারে এমন নিশ্চয়তা এবং পরবর্তী লোকসভা নির্বাচনের আগাম ঘোষণা করে জেলার রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছেন হুমায়ুন কবির। এখন দেখার, তাঁর এই আত্মবিশ্বাস ব্যালট বক্সে কতটা প্রতিফলিত হয়।





