চোরবাগানে ভারাক্রান্ত মনে উমার বিসর্জন, এবার হল না বরণ
তবে তদন্তের স্বার্থে মণ্ডপের মূল কাঠামো অপরিবর্তিত রাখার নির্দেশ দেওয়া হয়।
Truth of Bengal: মহাসপ্তমীর মর্মান্তিক দুর্ঘটনার পর অবশেষে নিরঞ্জনের পথে চোরবাগান সর্বজনীনের দুর্গাপ্রতিমা। শনিবার দুপুরে মণ্ডপ থেকে প্রতিমা বের করা হয়। তবে এবার থাকছে না বরণ কিংবা সিঁদুর খেলা। দুর্ঘটনার স্মৃতি বুকে নিয়েই ভারাক্রান্ত মনে মাকে বিদায় জানালেন এলাকার বাসিন্দারা।
প্রতিমা নিরঞ্জন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে তদন্তকারী দলের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী নিরঞ্জনে সম্মতি দেন। তবে তদন্তের স্বার্থে মণ্ডপের মূল কাঠামো অপরিবর্তিত রাখার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই প্রায় ৪০ জন কুলির সাহায্যে প্রতিমা বের করা হয়। দুপুর ২টো নাগাদ প্রতিমা মণ্ডপ থেকে বেরিয়ে কিছুক্ষণ সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রাখা হয়।
এলাকাবাসীর কথায়, সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টির মধ্যেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। এবার বরণ ও সিঁদুর খেলা না হওয়ায় পুজোর রীতিও অসম্পূর্ণ থেকে গেল বলে মনে করছেন তাঁরা। মায়ের কাছে ক্ষমা চেয়ে আবেগঘন বিদায় জানান বাসিন্দারা।
উল্লেখ্য, চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়, আহত হন বহু মানুষ। ঘটনায় দুই ঘোষক-সহ মোট ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে দুটি পৃথক বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।


