চোরবাগান কাণ্ড থেকে শিক্ষা, বড়মার মন্দিরে কালীপুজোর আগে এলাকা পরিদর্শন পুলিশ কমিশনার
প্রতি বছর কালীপুজোয় নৈহাটির বড়মার মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়।
Truth of Bengal: চোরবাগান কাণ্ডের পুনরাবৃত্তি এড়াতে কালীপুজোর আগেই নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে তৎপর বারাকপুর পুলিশ কমিশনারেট। দুর্গাপুজো শেষ হতেই নৈহাটির বড়মার মন্দির পরিদর্শন করলেন পুলিশ কমিশনার অমিতকুমার সিং। মন্দিরে বিপুল ভক্তসমাগম সামাল দেওয়া এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি।
প্রতি বছর কালীপুজোয় নৈহাটির বড়মার মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। মানত পূরণে বহু পুণ্যার্থী দণ্ডিও দেন। ফলে মন্দির চত্বর থেকে গঙ্গার ঘাট পর্যন্ত ভিড় সামলানো পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর এবার আগাম সতর্ক প্রশাসন।
বড়মার মন্দির ফাঁড়ি ও নৈহাটি থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে মন্দির চত্বর থেকে অরবিন্দ রোড হয়ে গঙ্গার ঘাট পর্যন্ত এলাকা ঘুরে দেখেন পুলিশ কমিশনার। দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পথ, দণ্ডি দেওয়ার রাস্তা সচল রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়।
পুলিশ কমিশনার অমিতকুমার সিং জানান, প্রতি বছর বড়মার মন্দিরে ৫-৬ লক্ষ ভক্তের সমাগম হয়। ভিড় সামলাতে যাতে কোনও খামতি না থাকে, তাই আগেভাগেই এই পরিদর্শন। কোথায় কত পুলিশ মোতায়েন করা হবে এবং কীভাবে নজরদারি চলবে, তা নিয়ে মন্দির কমিটিকেও জানানো হয়েছে।


