ভোটারদের সহায়তায় মালদায় চালু এসআইআর সহায়তা কেন্দ্র
সহায়তা কেন্দ্রে এসে ভোটাররা ফর্ম পূরণ, নথি যাচাই ও সংশোধন সংক্রান্ত পরিষেবা পাচ্ছেন।
Truth Of Bengal: অভিষেক দাস, মালদা: ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়ার ফর্ম বিলি। প্রতিটি বাড়িতে গিয়ে বিএলও-রা ফর্ম পৌঁছে দিচ্ছেন। এরই মধ্যে ভোটারদের আতঙ্ক ও বিভ্রান্তি দূর করতে পুরাতন মালদার সাহাপুর বিমল দাস কলোনিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি এসআইআর সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।শিবিরে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।
সহায়তা কেন্দ্রে এসে ভোটাররা ফর্ম পূরণ, নথি যাচাই ও সংশোধন সংক্রান্ত পরিষেবা পাচ্ছেন। সাহাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জানান,যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায় এবং সকলেই যথাযথভাবে সহায়তা পান— সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।শিবিরে তৃণমূলের বিএলএ-২ প্রতিনিধিদের হাতে ভোটারদের প্রয়োজনীয় নথিও তুলে দেওয়া হয়েছে।
নেতৃত্বরা জানিয়েছেন,বিএলও-দের পাশাপাশি দলীয় বিএলএ-২ সদস্যরাও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন।তৃণমূল নেতৃত্বের অভিযোগ,আগের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকেই আতঙ্কে ভুগছেন যে তাঁদের নাম বাদ পড়ে যেতে পারে। সেই ভয় দূর করতেই এবং সাধারণ ভোটারদের আশ্বস্ত করতে এই সহায়তা শিবিরের আয়োজন করা হয়েছে।স্থানীয়দের দাবি,শিবির চালু হওয়ায় এসআইআর প্রক্রিয়া নিয়ে তাঁদের সংশয় অনেকটাই কেটে গেছে।






