‘১৫ লক্ষ ৫০ হাজার…’, জেলে বসেই চাকরি বিক্রি জীবনকৃষ্ণর! অডিয়ো ‘ফাঁস’ শুভেন্দুর
তাঁর দাবি, ওই অডিয়ো ক্লিপগুলিতে থাকা অভিযুক্ত ব্যক্তি জীবনকৃষ্ণ সাহা।
Truth Of Bengal: মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কথায়, জেলবন্দি থাকা অবস্থায় চাকরি বিক্রি করেছে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ। রবিবার এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুর কথা অনুযায়ী, তৃণমূল বিধায়ক জেলে থেকেও মোবাইল ফোন ব্যবহার করছেন এবং নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি করেছেন। সাংবাদিক বৈঠকে নিজের মোবাইল ফোনে ভিডিয়ো ও অডিয়ো ক্লিপ দেখিয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, ওই অডিয়ো–ভিডিয়ো ক্লিপগুলিতে থাকা অভিযুক্ত ব্যক্তি জীবনকৃষ্ণ সাহা।
View this post on Instagram
রবিবার শুভেন্দু অধিকারী জানান, “নতুন এই পরীক্ষার রেজাল্টেও প্রভাব খাঁটিয়েছেন জীবনকৃষ্ণ সাহা। জেলে ফোন ব্যবহার করেছেন। জেলে গেলে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। এই পার্থ-জীবনের মতো লোকজনকে ইডি ধরে পাঁচদিন পিসিতে রাখছে। তারপর তো জেলে পাঠাতে হচ্ছে। সেখানে ফাইভ স্টার ব্যবস্থা। গরমকালে এসি। শীতকালে গরম জল। তৃণমূলের লেভেল হাই চোর হলে পিজির উডবার্ন ওয়ার্ড আছে।” তারপরই তিনি তাঁর ফোন বের এই অডিয়ো ও ভিডিয়ো ক্লিপগুলি শোনান।
উল্লেখ্য, নিয়োগ–দুর্নীতি মামলায় পরপর দু’বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। মামলায় তাঁর নাম একাধিকবার উঠে আসার পর প্রথমে তিনি গ্রেফতার হন এবং পরে জামিনে মুক্তি পান। পরবর্তীতে একই মামলার তদন্ত চলাকালীন আবারও ইডি তাঁকে গ্রেফতার করে। বিষয়টি নিয়ে তদন্ত সংস্থার অনুসন্ধান অব্যাহত রয়েছে।






