রাজ্যের খবর

পরীক্ষা নয়, জীবনসঙ্গী বাছল ‘জুলিয়েট’! পরীক্ষাকেন্দ্র থেকে প্রেমিকের সঙ্গে উধাও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

ইতিহাস-ভূগোলের প্রশ্নপত্রকে কাঁচকলা দেখিয়ে সোজা প্রেমিকের হাত ধরে চম্পট

Truth of Bengal: খাতা-কলমে পরীক্ষা দিয়ে জীবন গড়ার কথা ছিল, কিন্তু পশ্চিম মেদিনীপুরের সবংয়ের সেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বেছে নিলেন ‘জীবনের বড় পরীক্ষা’ দেওয়ার পথ! অর্থাৎ, ইতিহাস-ভূগোলের প্রশ্নপত্রকে কাঁচকলা দেখিয়ে সোজা প্রেমিকের হাত ধরে চম্পট। চাঁদকুড়ি হাই স্কুলের পরীক্ষাকেন্দ্রে সিট পড়েছিল তাঁর। মামা বেশ যত্ন করে ভাগ্নিকে গেটে নামিয়ে দিয়ে এসেছিলেন এই ভেবে যে, এবার হয়তো মেয়েটি পাস করে ঘরের মুখ উজ্জ্বল করবে। কিন্তু ভাগ্নির মাথায় তখন অন্য ‘সিলেবাস’ ঘুরছিল।

পরীক্ষা শেষের ঘণ্টা পড়ল, বাকি পরীক্ষার্থীরা মাথা চুলকাতে চুলকাতে হল থেকে বেরোল, কিন্তু আমাদের ‘জুলিয়েট’-এর দেখা নেই! দীর্ঘক্ষণ অপেক্ষার পর মামা যখন চিন্তায় আধমরা হয়ে স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হলেন, তখন জানা গেল আসল টুইস্ট। শিক্ষকরা জানালেন, ওই রোল নম্বরের কেউ তো আজ পরীক্ষা দিতেই আসেনি! অর্থাৎ, মামা গেটে নামিয়ে দিয়ে যাওয়ার পর স্কুল ড্রেসেই তিনি প্রেমিকের বাইকের পেছনে সওয়ার হয়ে পগারপার। কোনো রোমাঞ্চকর সিনেমার ক্লাইম্যাক্সের চেয়ে এই দৃশ্য কম ছিল না।

সবংয়ের স্থানীয়রা আবার এই ‘লাইভ মুভি’ চাক্ষুষ করেছেন। তাঁদের দাবি, স্কুল ইউনিফর্ম পরা এক তরুণীকে এক যুবকের সঙ্গে বেশ দ্রুতগতিতে এলাকা ছাড়তে দেখা গিয়েছে। এদিকে পরিবারের কপালে চিন্তার ভাঁজ পড়লেও এই ঘটনা তাঁদের কাছে ঠিক ‘নতুন’ নয়। জানা গেছে, এর আগেও একবার পড়াশোনা শিকেয় তুলে এই একই প্রেমিকের সঙ্গে সংসার পাততে ঘর ছেড়েছিলেন তিনি। তখন অনেক বুঝিয়ে-সুঝিয়ে, হাতে-পায়ে ধরে তাঁকে ফের বইখাতার জগতে ফিরিয়ে আনা হয়েছিল। পরিবার এখনও থানায় লিখিত অভিযোগ করেনি ঠিকই, কিন্তু ১৮ বছর ৫ মাস বয়সি মেয়ের এমন সিদ্ধান্তে তাঁরা রীতিমতো দিশেহারা।

Related Articles