রাজ্যের খবর

রিলসের নেশায় সীমা লঙ্ঘন! ক্ষীরপাইয়ের মন্দিরে শিবমূর্তির ওপর উঠে ‘অশালীন’ ভিডিও

বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Truth of Bengal: সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে রাতারাতি জনপ্রিয় হওয়ার নেশায় এবার বড়সড় বিতর্কে জড়ালেন এক যুবতী। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের বিখ্যাত বড়মা মন্দিরে শিবমূর্তির ওপর উঠে অশালীন ভিডিও তৈরির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পুণ্যার্থীরা। তাঁদের দাবি, এই কাজ হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে চরম আঘাত হেনেছে।

ঘটনার সূত্রপাত হয় একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে, যেখানে দেখা যায় এক যুবতী শিবঠাকুরের মূর্তির ওপর উঠে বিতর্কিত ভঙ্গিতে রিল বানাচ্ছেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ও বড়মায়ের ভক্তরা একে দেবদেবীর প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন। তাঁদের মতে, মন্দির লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসের জায়গা, সেখানে এমন কুরুচিকর কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ওই যুবতীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ কোনো ধর্মীয় স্থান নিয়ে এ ধরনের কাজ করার সাহস না পায়। অভিযোগ পাওয়ার পর পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ওই যুবতীর সন্ধানে তদন্ত শুরু করেছে। অন্যদিকে, এই অপবিত্রতা দূর করতে এবং ধর্মীয় ভাবাবেগকে শান্ত করতে বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণে বিশেষ অভিষেক ও পূজার আয়োজন করা হয়। ভক্তরা সমবেত হয়ে শিবের আরাধনা ও শুদ্ধিকরণ যজ্ঞ সম্পন্ন করেন। বর্তমানে এলাকায় এই ঘটনা নিয়ে চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।