Exclusive: বাজারে দশ, কুড়ির নোট নিয়ে দুর্ভোগ! আরবিআই-কে চিঠি ব্যাঙ্কের কর্মী সংগঠনের
অভিযোগ, ১০, ২০ ও ৫০ টাকার নোট কার্যত বাজার থেকে উধাও।
জয় চক্রবর্তী: বাজারে ছোট টাকার নোটের তীব্র অভাব। ফলে নিত্যদিনের লেনদেনে চরম সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরা। অভিযোগ, ১০, ২০ ও ৫০ টাকার নোট কার্যত বাজার থেকে উধাও। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হস্তক্ষেপ দাবি করে চিঠি দিল সেই ব্যাঙ্কের কর্মী সংগঠন ‘অল ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’।
সংগঠনের দাবি, মুদ্রা পরিচালনার দায়িত্বে থাকা রিজার্ভ ব্যাঙ্কের পক্ষে বর্তমানে ১০০, ২০০ ও ৫০০ টাকার নোট জোগানে কোনও সমস্যা নেই। কিন্তু ব্যাঙ্কের শাখাগুলি থেকে ১০, ২০ কিংবা ৫০ টাকার নোট প্রায় মিলছে না। ফলে বাজারে খুচরো লেনদেন কার্যত অচল হয়ে পড়ছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল লেনদেন বাড়লেও এখনও বড় অংশের মানুষ নগদ টাকাতেই লেনদেন করেন। বিশেষ করে গ্রামাঞ্চল, ছোট শহর ও অনানুষ্ঠানিক ক্ষেত্রগুলিতে ছোট টাকার নোটের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু সেই প্রয়োজন মেটাতে ব্যর্থ বর্তমান ব্যবস্থা। ছোট ব্যবসায়ী, রিকশাচালক, ফেরিওয়ালা থেকে শুরু করে মুদিখানা ও চায়ের দোকান—সর্বত্রই খুচরোর সংকট। বহু ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বাকবিতণ্ডাও হচ্ছে বলে অভিযোগ। নগদে লেনদেন চালানো কঠিন হয়ে উঠছে প্রতিদিন।






