কলকাতা

কালীঘাটে চরম নাটক! মমতার ভাইয়ের ক্লাবে শুভেন্দু, পা ছুঁয়ে প্রণাম বাবুনের! দিলেন চরম বার্তা

আরতি করলেন শুভেন্দু, 'দাদা তুমি এগিয়ে চলো' বললেন মমতার ভাই! কালীপুজোর সন্ধ্যায় নজিরবিহীন দৃশ্য কালীঘাটে!

Truth of Bengal: মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পা রাখলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখানে গিয়ে তিনি যা করলেন, তা রাজ্য রাজনীতির সমীকরণ ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। মমতার নিজের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয় অংশ নিলেন শুভেন্দু, আর দিদির ভাই বাবুনের মুখে শোনা গেল ‘শুভেন্দু দাদা’র জয়ধ্বনি।

পরিকল্পনা মাফিকই মঙ্গলবার সন্ধ্যায় কড়া নিরাপত্তায় মোড়া কালীঘাটে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নামতেই দৃশ্যপট বদলে যায়। মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তাঁকে পুষ্পস্তবক ও মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর মণ্ডপে ঢুকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিমাকে পদ্মের মালা পরিয়ে দেন এবং ভক্তিভরে মায়ের আরতি করেন।

এই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী হাঁটাপথে সোজাসুজি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে এগিয়ে যান। সেই সময় প্রত্যক্ষদর্শীরা লক্ষ্য করেন, মমতার বাড়ির উঠোন সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত। হরিশ চ্যাটার্জি স্ট্রিট দিয়ে হাঁটার সময় শুভেন্দু অধিকারীকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে এবং জনসংযোগ করতে দেখা যায়, যা ওই এলাকার রাজনৈতিক ইতিহাসে এক বড় বদল।

কিন্তু চমকের তখনও বাকি ছিল। শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন বাবুন বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর উদ্দেশে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।” বাবুন আরও জানান, শুভেন্দু দা বলেছেন কালীপুজোয় তাঁদের কাছে আসতে পেরে তাঁর ভাল লেগেছে। যদিও ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ খুব বেশি কথা হয়নি বলে দাবি করেন তিনি।

এদিন কালীঘাটে বাবুনের ক্লাবের পুজো ছাড়াও সেবক সংঘ ও তরুণ যুবক সংঘের পুজোতেও যান মুখ্যমন্ত্রী। বিজেপির অভিযোগ, এই দুটি পুজো উদ্বোধনের জন্য শুভেন্দুকে আমন্ত্রণ জানানো হলেও তৃণমূলের চাপে তিনি আসতে পারেননি। এর মাঝেই গত শনি ও রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি এই দুটি পুজোর উদ্বোধন করে দেন। এই নিয়ে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছিল। মঙ্গলবার বিসর্জনের আগে বিশেষ পুজোয় অংশ নিয়ে শুভেন্দু অধিকারী যেন সেই ক্ষোভেরই উপশম করলেন এবং একই সঙ্গে রাজনৈতিক বার্তা দিলেন। উল্লেখ্য, সেবক সংঘের পুজোটি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক উল্টোদিকেই অনুষ্ঠিত হয়। কালীপুজোর সন্ধ্যায় কালীঘাটের এই রাজনৈতিক দৃশ্যপট নিশ্চিতভাবেই বাংলার রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিল।

Related Articles