দেশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধে লণ্ডভণ্ড ভারতের বাজার! ইতিহাসের সব রেকর্ড ভেঙে তলানিতে টাকার দাম

গত সোমবারও প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল ৯১.৪৯ টাকা।

Truth of Bengal: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান রণক্ষেত্রের আঁচ এবার সরাসরি এসে পড়ল ভারতের অর্থনীতিতে। ইরান, ইজরায়েল ও আমেরিকার বহুমুখী সংঘর্ষের জেরে বুধবার সকালে লেনদেন শুরু হতেই ভারতীয় মুদ্রার মূল্যে বড়সড় ধস নামে। মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম এক ধাক্কায় ৭০ পয়সা কমে দাঁড়িয়েছে ৯২.১৭ টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে, টাকার এই পতন সাম্প্রতিক অতীতে সব রেকর্ড ভেঙে দিয়েছে। উল্লেখ্য যে, গত সোমবারও প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল ৯১.৪৯ টাকা।

পশ্চিম এশিয়ার এই যুদ্ধের প্রভাব সবথেকে বেশি পড়ছে জ্বালানি তেলের বাজারে। সংঘাত পঞ্চম দিনে পা দেওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তৈলবাহী জাহাজ চলাচল কার্যত থমকে গিয়েছে। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ভারত তার প্রয়োজনীয় জ্বালানি তেলের একটি বড় অংশ ইরাক, সৌদি আরব ও কুয়েতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করে। সাম্প্রতিক সময়ে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির পর রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেওয়ায় ভারতের ওপর এই চাপ আরও বেড়েছে। তেল আমদানির জন্য ভারতকে এখন আগের চেয়ে অনেক বেশি পরিমাণে ডলার খরচ করতে হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে টাকার মূল্যের ওপর।

ভৌগোলিক এই অস্থিরতার নেতিবাচক প্রভাব থেকে বাদ যায়নি ভারতের শেয়ার বাজারও। বুধবার দালাল স্ট্রিটে হাহাকার পড়ে যায়। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এক লপ্তে ১৫০০ পয়েন্ট খুইয়ে ৮০ হাজারের নিচে নেমে গিয়েছে। পাল্লা দিয়ে পড়েছে নিফটিও, যার সূচক ৪০০ পয়েন্টের বেশি নিচে নেমেছে। তেলের দাম বৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার এই রেকর্ড পতন বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে অর্থনৈতিক মন্দার আশঙ্কা আরও তীব্র হচ্ছে।

Related Articles