বিকট শব্দ, প্রবল ঝাঁকুনি, লাইনচ্যুত হয়েও থামেনি ট্রেন! প্রায় ১ কিলোমিটার ঘষটে চলেছে, আতঙ্কের অভিজ্ঞতা যাত্রীদের
অল্পের জন্য বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও দুর্ঘটনার স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে তাঁদের
Truth of Bengal: লাইন থেকে ছিটকে গিয়েও সঙ্গে সঙ্গে থামেনি ট্রেন! বরং লাইনচ্যুত অবস্থাতেই প্রায় এক কিলোমিটার পথ ঘষটে এগিয়ে যায় কলকাতা-সাইরাং এক্সপ্রেস। ভয়াবহ সেই মুহূর্তের অভিজ্ঞতা শোনাতে গিয়ে এখনও আতঙ্কিত যাত্রী থেকে শুরু করে ট্রেনের কর্মীরা। কারও ঘুম ভেঙেছে বিকট শব্দে, কেউ আবার ধাক্কায় ছিটকে পড়েছেন আসন থেকে। অল্পের জন্য বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও দুর্ঘটনার স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে তাঁদের। বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ অসমের দিগারু স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা থেকে মিজোরামের সাইরাংগামী এক্সপ্রেসটি। প্রথমে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এরপর একে একে বেলাইন হয়ে যায় পাঁচটি কামরা। দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। ট্রেনের গতি তুলনামূলক কম থাকায় প্রাণহানি বা আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরেছেন ট্রেনের প্যান্ট্রিকারের ম্যানেজারও। সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানান, দুর্ঘটনার সময় তাঁরা প্রত্যেকেই ঘুমিয়ে ছিলেন। গুয়াহাটি স্টেশন পর্যন্ত যাত্রা স্বাভাবিকই ছিল। সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর ফের চলতে শুরু করে ট্রেন। তবে দিগারু স্টেশন পেরনোর পর আচমকাই ট্রেনের গতি কমে যায়। প্ল্যাটফর্ম ছাড়ার পরই শোনা যায় বিকট শব্দ। প্রবল ঝাঁকুনিতে তিনি আসন থেকে ছিটকে পড়েন। ওই ম্যানেজারের কথায়, প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে তাঁদের মনে হয় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। আতঙ্কে দরজা খোলার চেষ্টা করেন তাঁরা। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে দরজা খোলা সম্ভব হয়নি। তাঁর দাবি, লাইনচ্যুত হওয়ার পরেও চলতে থাকে ট্রেন। প্রায় এক কিলোমিটার পথ ওই অবস্থাতেই এগিয়ে যাওয়ার পর প্রায় ১০ মিনিটের মধ্যে সেটি সম্পূর্ণ থামে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন এবং পাওয়ার কার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
প্যান্ট্রিকারের আর এক কর্মী পিন্টু সরকার জানান, সকালে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। ঠিক সেই সময়ই ঘটে বিপত্তি। আচমকা ঝাঁকুনিতে কামরার ভিতরেই ছিটকে পড়েন কর্মীরা। একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরেও সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি তিনি। যাত্রীদের অভিজ্ঞতাও ছিল একই রকম ভয়াবহ। এক যাত্রীর কথায়, ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে বুঝতে পেরেই কামরার ভিতরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বাইরে বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে ওঠেন সকলে। কিন্তু দুর্ঘটনায় কামরাগুলির গঠন ক্ষতিগ্রস্ত হওয়ায় বেরোনোর পথও সহজ ছিল না। বিশেষ করে দুটি কামরার সংযোগস্থল সংকীর্ণ হয়ে যাওয়ায় সেখান দিয়ে বেরোতে যথেষ্ট বেগ পেতে হয় যাত্রীদের।

