‘অর্ণব’, ‘মুরাসু’র পর ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ‘আকভান’, কতটা প্রভাব বাংলায়?
নভেম্বরের মাঝামাঝি সমুদ্রের বুকে নতুন করে শক্তি সঞ্চয় করতে পারে একটি ঘূর্ণাবর্ত
Truth of Bengal: ‘অর্ণব’, ‘মুরাসু’র রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা! নভেম্বরের মাঝামাঝি সমুদ্রের বুকে নতুন করে শক্তি সঞ্চয় করতে পারে একটি ঘূর্ণাবর্ত। আবহাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হলে সেটি প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকী পরিস্থিতি অনুকূলে থাকলে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘আকভান’। যদিও ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাব বাংলায় কতটা পড়বে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও পূর্ব=ভাস মেলেনি। অন্যদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবেই বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভাইফোঁটার আনন্দেও বাধ সাধতে পারে বৃষ্টি।
মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির দাপট দেখা গিয়েছে। বুধবার সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ। বাতাসে রয়েছে হালকা শীতের আমেজ। তার মধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বুধবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রেও সামান্য পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অর্থাৎ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে তাপমাত্রা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাদ পড়বে না উত্তরবঙ্গও। সেখানকার বিভিন্ন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, ক্যালেন্ডারে নভেম্বরের মাঝামাঝি সময়। ইতিমধ্যেই ভোর ও রাতের দিকে শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমেছে। ফলে শীতের অপেক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী। কিন্তু বারবার ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের সম্ভাবনা সেই অপেক্ষায় জল ঢালতে পারে বলেই আশঙ্কা। একদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আকভান’, অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টি—সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এবার কি শীতের শুরুতেই বাধা হয়ে দাঁড়াবে আবহাওয়ার খামখেয়ালিপনা? আপাতত সেই উত্তর দিচ্ছে না হাওয়া অফিস।






