ফরতাবাদের ফ্ল্যাটে কী ঘটেছিল? প্রেমিকা ও তাঁর মাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
ফরতাবাদের ওই ফ্ল্যাটে প্রেমিকা সঞ্চালিকার সঙ্গে থাকতেন সার্থক।
Truth of Bengal: তরুণকে খুন করা হল, শনিবার রাতে ফ্ল্যাটের ভিতরে কী ঘটেছিল, তা জানতে এবার ঘটনার পুনর্নির্মাণ করলেন তদন্তকারীরা। মঙ্গলবার সকালে সার্থকের প্রেমিকা সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসুকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সঙ্গে ছিলেন ফরেনসিক দলের আধিকারিকরাও। ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
ফরতাবাদের ওই ফ্ল্যাটে প্রেমিকা সঞ্চালিকার সঙ্গে থাকতেন সার্থক। গত শনিবার সেখান থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, সার্থকের কাঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। এই ঘটনায় ইতিমধ্যেই সঞ্চালিকা ও তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে যুগলের মধ্যে অশান্তি হয়েছিল। চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ফ্ল্যাটে ছুটে আসেন। তখনই ঘরের ভিতরে সার্থককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা।
পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সার্থকের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। তিনি সল্টলেকের সেক্টর ফাইভের একটি সংস্থায় কর্মরত ছিলেন। অন্যদিকে, সঞ্চালিকা টেকনো ইন্ডিয়ার ছাত্রী। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পর দু’জনে ফরতাবাদের ফ্ল্যাটে একত্রবাস শুরু করেন। সপ্তাহে অন্তত তিন-চার দিন সেখানে থাকতেন সার্থক। তাঁদের সম্পর্কের কথা দুই পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও জানা ছিল।


