জেলার শান্তি বজায় রাখতে তৎপর পুলিশ, মুর্শিদাবাদে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ
অস্ত্রগুলি ওই বাড়িতে কেন এবং কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বেলডাঙা থানার পুলিশ।
Truth Of Bengal: ফের বড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের। বোমা উদ্ধারের পর এবার পুলিশের তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। দুটি পৃথক থানার অভিযানে মোট সাতটি আগ্নেয়াস্ত্র ও সাতটি কার্তুজ উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা থানার আইসি সুমিত তালুকদারের নেতৃত্বে জালালপুর ডাঙ্গাপাড়া এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই বাড়ি থেকে উদ্ধার হয় পাঁচটি আগ্নেয়াস্ত্র ও চারটি তাজা কার্তুজ। ঘটনায় বাড়ির মালিক কাজল শেখ (২৯)–কে গ্রেফতার করে পুলিশ। অস্ত্রগুলি ওই বাড়িতে কেন এবং কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বেলডাঙা থানার পুলিশ।
অন্যদিকে, ডোমকল থানার পুলিশ শনিবার রাতে দুটি আলাদা অভিযানে আরও দুটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, প্রথম অভিযানটি চালানো হয় ডোমকলের সাহাবাজপুর উত্তরপাড়ার গ্রামে। সেখানে আইসি পার্থ সারথি মজুমদারের নেতৃত্বে তল্লাশি চালিয়ে তৌহিদুল মন্ডলের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। এরপর দ্বিতীয় অভিযানে ডোমকলের আমিনাবাদ বটতলাপাড়ায় উহাব সেখের বাড়ি থেকে আরও একটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ উদ্ধার হয়। তাকেও গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা কোথা থেকে এই অস্ত্রগুলি সংগ্রহ করেছিল এবং কার কাছে সরবরাহের উদ্দেশ্যে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজের নির্দেশে সম্প্রতি জেলার প্রতিটি থানায় চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। এই উদ্যোগের পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় পরপর উদ্ধার হচ্ছে বোমা ও আগ্নেয়াস্ত্র। পুলিশের এই ধারাবাহিক অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে।আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের কথায়, এভাবে পুলিশ সক্রিয় থাকলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।






