কলকাতারাজ্যের খবর

রবিবারেও থামছে না বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী দুর্যোগ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Truth of Bengal: বর্ষার মরশুমে টানা বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। আলিপুর আবহাওয়া দফতরে (IMD) পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষদিন অর্থাৎ রবিবারেও আবহাওয়ার এই মেজাজ বদলের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে এবং কয়েক দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে শহরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম রয়েছে।

শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার দু-এক জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা (Yellow Warning) জারি করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তবে বিশেষ করে জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার এক-দুটি স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Related Articles