রাজ্যের খবর

“আজাদি স্লোগান দিলে হাসপাতাল ঘুরে বাড়ি ফিরতে হবে!”, কার্গিল দিবসে চরম হুঁশিয়ারি শমীকের

“কমিউনিস্টরা দেশটাকে ২৮ টুকরো করতে চেয়েছিল!”, নিট মিছিলে 'আজাদি' স্লোগান ঘিরে চরম আক্রমণ শমীক ভট্টাচার্যের

Truth of Bengal: কলকাতায় দাঁড়িয়ে ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ কিংবা কোনো রকমের দেশবিরোধী স্লোগান দিলে এবার আর পার পাওয়া যাবে না! যারা এই ধরনের উসকানিমূলক কাজ করবে, তাঁদের সোজা সরকারি হাসপাতালের ওপিডি (OPD) ঘুরে বাড়ি ফিরতে হবে, রবিবার কার্গিল বিজয় দিবসে কলকাতা থেকে ঠিক এই ভাষাতেই হুঙ্কার দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

কার্গিল যুদ্ধে শহিদ হওয়া উত্তর কলকাতার বীর সন্তান, ভারতীয় জওয়ান কণাদ ভট্টাচার্যের প্রতিকৃতিতে রবিবার সকালে কলকাতার বিটি রোড এলাকায় শ্রদ্ধা নিবেদন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েই দেশভাগ, পাকিস্তানের ছায়াযুদ্ধ এবং কাশ্মীর ইস্যু নিয়ে ক্ষোভ উগরে দেন শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানান, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা উসকানি সহ্য করা হবে না।

সম্প্রতি নিট (NEET) পরীক্ষা বিতর্ককে কেন্দ্র করে কলকাতার ধর্মতলায় আয়োজিত মিছিলের প্রসঙ্গ তুলে শমীক অভিযোগ করেন, আন্দোলনের আড়ালে রাজপথে দেশের বিরুদ্ধে ‘আজাদি’ স্লোগান তোলা হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের ওপর আক্রমণ ও হিংসার কঠোর সমালোচনা করেন তিনি। বামপন্থীদের তীব্র নিশানা করে বিজেপি সাংসদ বলেন, “দেশবিরোধী শক্তিগুলো নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আর এখানকার কমিউনিস্টরা একসময় এই দেশটাকে ২৮টি টুকরোয় ভাঙতে চেয়েছিল। ওরাই সবসময় পিছনের দরজা দিয়ে ঢুকে দেশবিরোধী চক্রান্তে ইন্ধন যোগায়।”

সামাজিক শান্তি নষ্টকারীদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান শমীক। তিনি কড়া বার্তা দিয়ে বলেন, “আমরা পুলিশ প্রশাসনকে বলছি, আইন নিশ্চয়ই তার নিজস্ব পথে চলবে। কিন্তু কলকাতায় দাঁড়িয়ে ‘আজাদি’ স্লোগান দিয়ে কেউ যেন সুস্থ শরীরে সোজা হেঁটে বাড়ি না ফিরতে পারে, তাঁদের যেন সরকারি হাসপাতালের জরুরি বিভাগ বা ওপিডি ঘুরে ফিরতে হয়, সেটা সুনিশ্চিত করতে হবে।” শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে শমীক ভট্টাচার্যের এই চাঁচাছোলা বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

Related Articles