তৃণমূল ব্লক সভাপতির ভাই পাকিস্তানি চর! ইসলামপুরে এসটিএফ-এর জালে ফজলে রাব্বী
তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, ডিজিটাল লেনদেন ও সাম্প্রতিক যোগাযোগ তালিকা খতিয়ে দেখা হচ্ছে
Truth of Bengal: পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্য গোয়েন্দা ও এসটিএফের জালে একের পর এক গ্রেফতার হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিরা। কয়েকদিন আগে বর্ধমান থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতারের পর উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থেকেও এক ব্যক্তিকে হেফাজতে নেয় গোয়েন্দারা। সেই যোগসূত্র ধরেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তরবঙ্গ সফরের আগেই রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (STF) ইসলামপুর থেকে আটক করল আরও এক সন্দেহভাজনকে।
বৃহস্পতিবার গোপন সূত্রের খবর পেয়ে উত্তর দিনাজপুরের ইসলামপুর এলাকায় ঝটিকা অভিযান চালায় বেঙ্গল এসটিএফ। সেই অভিযানেই আটক করা হয় ফজলে রাব্বী নামে এক ব্যক্তিকে। আটক ব্যক্তির পারিবারিক পরিচয় সামনে আসতেই পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ধৃত ফজলে রাব্বী স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা তথা ব্লক সভাপতি জাকির হুসেনের নিজের ভাই। জাকির হোসেন আবার ইসলামপুরের তৃণমূল বিধায়ক কানাইয়া লাল আগরওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। অবশ্য গত নির্বাচনের পর থেকেই জাকির হোসেনের কোনও দেখা মিলছিল না, তবে তাঁর ভাই এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করত।
গোয়েন্দা সূত্রে খবর, প্রায় এক সপ্তাহ আগে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকা থেকে উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতেই এই যোগসূত্রের খোঁজ পান তদন্তকারীরা। সেই সূত্র ধরেই এই বিশেষ অভিযান চালানো হয়। বর্তমানে ইসলামপুর থানায় আটক ফজলে রাব্বীকে মুখোমুখি বসিয়ে তীব্র জিজ্ঞাসাবাদ করছেন এসটিএফ-এর শীর্ষ কর্মকর্তারা। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, ডিজিটাল লেনদেন ও সাম্প্রতিক যোগাযোগ তালিকা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর ও সংলগ্ন এলাকায় তীব্র রাজনৈতিক তরজা এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। প্রভাবশালী ভাইয়ের পদ ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে কোনো গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পর্কিত তথ্য বাইরে পাচার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সাথে প্রশ্ন উঠছে সীমান্ত ঘেঁষা এই জেলাগুলিতে কীভাবে এই নেটওয়ার্ক নিজেদের জাল বিস্তার করছিল। গোটা ঘটনার ওপর নজর রাখছে প্রশাসন।






