কলকাতা

কলকাতায় বেআইনি অস্ত্র কারখানার হদিস! STF-এর অভিযানে উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র

তল্লাশিতে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, তাজা ও ব্যবহৃত কার্তুজ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম

Truth of Bengal: দেবীপক্ষের আবহে বড়সড় সাফল্য বেঙ্গল STF-এর। কলকাতার উপকণ্ঠে নাদিয়ালের আয়ুবনগরে একটি বাড়িতে বেআইনি অস্ত্র কারখানার সন্ধান পেলেন তদন্তকারীরা। মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালান STF আধিকারিকরা। তল্লাশিতে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, তাজা ও ব্যবহৃত কার্তুজ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। তবে অভিযানের আগেই কারখানার সঙ্গে যুক্ত সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, নাদিয়ালের আয়ুবনগরের একটি বাড়ির অংশ ভাড়া নিয়ে বেআইনিভাবে অস্ত্র তৈরির কারবার চালানো হচ্ছিল বলে সন্দেহ। গোপন সূত্রে সেই খবর পাওয়ার পর মঙ্গলবার রাতে সেখানে হানা দেন বেঙ্গল STF-এর আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। তাতেই সামনে আসে বেআইনি অস্ত্র তৈরির কর্মকাণ্ড। তদন্তকারীদের দাবি, অভিযান চালিয়ে দুটি ৭-মিমি আগ্নেয়াস্ত্র এবং দুটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, বিভিন্ন ক্যালিবারের তাজা ও ব্যবহৃত কার্তুজও মিলেছে। অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত প্রচুর সরঞ্জাম উদ্ধার হওয়ায় ওই বাড়িতে নিয়মিত বেআইনি অস্ত্র তৈরির কাজ চলত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে STF-এর অভিযানের আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে জানা গিয়েছে। তাঁর পরিচয় ও অবস্থান জানার চেষ্টা চলছে। এই ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের উৎস এবং সেগুলি কোথায় সরবরাহ করা হত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, এর আগেও নাদিয়াল এলাকায় বেআইনি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছিলেন তদন্তকারীরা। সেই ঘটনায় বিহারের মুঙ্গের থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম আনার বিষয়টি সামনে এসেছিল। ফলে আয়ুবনগরের এই কারখানার সঙ্গেও মুঙ্গেরের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন STF আধিকারিকরা।

Related Articles