ব্যবসায়ীকে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ! শীতলকুচিতে গ্রেফতার হেভিওয়েট বিজেপি নেতা
আগ্নেয়াস্ত্র দেখিয়ে তুলে নিয়ে মুক্তিপণ আদায়! কোচবিহারে বিজেপি নেতার কাণ্ডে তোলপাড় রাজনীতি
Truth of Bengal: কোচবিহারের শীতলকুচিতে ব্যবসায়ী অপহরণ এবং মোটা অঙ্কের টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হলো স্থানীয় বিজেপি নেতা পঙ্কজ সাহাকে। ধৃত ব্যক্তি বিজেপি-র কোচবিহার জেলা কমিটির অন্যতম সদস্য হিসেবে পরিচিত। স্বাধীনতা দিবসের দিন এক ধান ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ এবং পরবর্তীতে দু’লক্ষ টাকা মুক্তিপণ নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় শীতলকুচি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাঁকে গ্রেফতার করার পর জেলা রাজনীতিতে চরম চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সূত্রপাত গত ১৫ আগস্ট। শীতলকুচি ব্লকের বামনপাড়া এলাকার বাসিন্দা তথা ধান ব্যবসায়ী ইসলাম মিঞা সকালে গোসাইহাটে ব্যবসার কাজে বেরিয়েছিলেন। অভিযোগ, বিকেলে বাড়ি ফেরার সময় ফোন করে তাঁকে একটি নির্দিষ্ট স্থানে ডেকে পাঠানো হয়। সেখানে পৌঁছানো মাত্রই ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল আচমকা হানা দিয়ে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাঁকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর জীবন বাঁচানোর তাগিদে ২ লক্ষ টাকা মুক্তিপণ পরিশোধ করার পর মুক্তি পান ওই ব্যবসায়ী।
ঘটনার পর সোমবার অপহৃত ব্যবসায়ীর বাবা সইজার মিয়া শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশি তদন্ত শুরু হতেই উঠে আসে বিজেপি নেতা পঙ্কজ সাহার নাম। অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ পঙ্কজ সাহাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার অভিযুক্তকে মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হলে আইনজীবী জানান, অভিযোগকারী এবং অপহৃত ব্যবসায়ী ইতিমধ্যেই ধৃতকে সঠিকভাবে শনাক্ত করেছেন। শুনানি শেষে বিচারক অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে ২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।
দলীয় নেতার এমন গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব। তবে প্রতিক্রিয়া দিতে গিয়ে কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন জানান, দলে কোনও অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় না। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আইন তার নিজস্ব পথে চলবে এবং আদালতে দোষ প্রমাণিত হলে দলের পক্ষ থেকেও ওই নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।





