হুমায়ুনকে দেখেই আছড়ে পড়ল বিক্ষোভ, নওদায় তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি
এজেন্ট ঢোকানো নিয়ে চরম নাটক! নওদায় মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবীর ও হাবিব মাস্টার
কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের নওদায় প্রথম দফার নির্বাচনের সকালেই রণক্ষেত্রের চেহারা নিল ১৭৩ ও ১৭৪ নম্বর বুথ এলাকা। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীর এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হাবিব মাস্টারের মধ্যে সরাসরি হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে ব্যাপক হিমশিম খেতে হয়, এমনকি জওয়ানদের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন রাজনৈতিক কর্মীরা।
ঘটনার সূত্রপাত হয় বুথে এজেন্ট বসানোকে কেন্দ্র করে। হুমায়ুন কবীরের অভিযোগ, তাঁর দলের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয়েছিল। এই খবর পেয়ে তিনি নিজে বুথে এসে এজেন্টদের পুনরায় ঢোকানোর চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হন নওদার তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান এবং তৃণমূলের ব্লক সভাপতি হাবিব মাস্টার। দু’পক্ষ মুখোমুখি হতেই শুরু হয় তীব্র বাদানুবাদ, যা দ্রুত হাতাহাতি ও ধস্তাধস্তির রূপ নেয়।
প্ৰচণ্ড উত্তেজনার মাঝে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দু’পক্ষকে আলাদা করার চেষ্টা করলে বিশৃঙ্খলা আরও বাড়ে। তৃণমূলের পক্ষ থেকে পালটা অভিযোগ করা হয়েছে যে, হুমায়ুন কবীর দলবল নিয়ে এসে বুথে অশান্তি পাকানোর চেষ্টা করছেন। অন্যদিকে, হুমায়ুন কবীরের দাবি, তৃণমূল প্রশাসন ও পুলিশকে ব্যবহার করে ভোট লুঠের চেষ্টা করছে।
বর্তমানে ওই বুথ চত্বরে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর নতুন কোম্পানি মোতায়েন করা হয়েছে। নওদা থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শিবনগর ও নওদা বিধানসভার অন্যান্য বুথেও চাপা উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট তলব করেছে বলে সূত্রের খবর।






