Nadia Voter List SIR: ভোটার তালিকার ‘এসআইআর আতঙ্ক’! নাম না থাকার দুশ্চিন্তায় নদীয়ার ফেরিওয়ালার মর্মান্তিক মৃত্যু
২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম না থাকার কারণে তিনি দীর্ঘদিন ধরেই গভীর আতঙ্কে ভুগছিলেন।
মাধব দেবনাথ,নদিয়া: ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শুরু হওয়ার আবহে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো নদীয়ার তাহেরপুর। এসআইআর সংক্রান্ত আতঙ্কে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। মৃত ব্যক্তির নাম শ্যামল কুমার সাহা, যিনি তাহেরপুর থানার কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন। এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
মৃত শ্যামল কুমার সাহার পরিবার সূত্রে দাবি করা হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম না থাকার কারণে তিনি দীর্ঘদিন ধরেই গভীর আতঙ্কে ভুগছিলেন। প্রায় ৩০ বছর আগে তিনি বাংলাদেশ থেকে এ দেশে এসেছিলেন। পেশায় ফেরিওয়ালা শ্যামলবাবু পাড়ায় পাড়ায় ঘুরে শীতের কম্বল বিক্রি করতেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় তাঁর দীর্ঘদিনের এই শঙ্কা আরও বেড়ে যায়।
তাঁর দুই সন্তান, যারা পেশায় রাজমিস্ত্রির কাজ করেন, তারা জানিয়েছেন, সম্প্রতি বিএলও (বুথ লেভেল অফিসার) যখন বাড়িতে এসআইআর-এর ফর্ম দিয়ে যান, তখন থেকেই শ্যামলবাবু তীব্র মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। ফর্ম হাতে পাওয়ার পর থেকে তিনি খাওয়া-দাওয়াও প্রায় ছেড়ে দিয়েছিলেন। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত এই ভয় এবং মানসিক চাপই তাঁর মৃত্যুর কারণ। আজ সকালেই এই আতঙ্কের জেরেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।






