শিগগিরই চালু হবে নয়া ই-আধার অ্যাপ, ঘরে বসে কোন কোন সুবিধা মিলবে?
এবার ঘরে বসে স্বচ্ছন্দে নয়া ই-আধার মোবাইল অ্যাপের সাহায্যে এসব কাজকর্ম দ্রুত ও সহজে করা যাবে।
Truth Of Bengal: বায়োমেট্রিক তথ্য সম্মিলিত পরিচয়পত্র আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের সংযোগ করতে হলে, কিংবা বয়সের প্রমাণপত্র বা ঠিকানা বদল হলে নতুন ঠিকানার প্রমাণপত্র দাখিল করতে হলে এতদিন আধার সেবা কেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে এসব গুরুত্বপূর্ণ কাজ করতে হত। এবার সরাসরি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা থেকে মুক্তি। এবার ঘরে বসে স্বচ্ছন্দে নয়া ই-আধার মোবাইল অ্যাপের সাহায্যে এসব কাজকর্ম দ্রুত ও সহজে করা যাবে।
খুব শিগগিরই কেন্দ্রীয় সরকার নয়া অ্যাপ চালু করতে চলেছে। এর মাধ্যমে যে কোনো ভারতীয় নাগরিক তার আধার কার্ডের আপডেট স্মার্টফোনের সাহায্যেই করতে পারবে। চলতি নভেম্বর মাসেই নয়া মোবাইল অ্যাপ চালু হওয়ার কথা। এআই প্রযুক্তি ও ফেস আইডির সাহায্যে স্মার্টফোনে থাকে ই-আধার মোবাইল অ্যাপের সাহায্যে বয়সের প্রমাণপত্র দাখিল, ঠিকানার প্রমাণপত্র দাখিল ও মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযোগ স্থাপন করা যাবে। তবে আঙুলের ছাপ বা চোখের মণির ছাপ স্ক্যান করতে আধার সেবা কেন্দ্রে যেতে হবে। নয়া অ্যাপে থাকবে এআই প্রযুক্তি নির্ভর স্মার্ট আইডেন্টিফিকেশন সিস্টেম।




