লা লিগায় বার্সা, সিরিএ-ইন্টার, ইপিএলে-সিটির জয়, পয়েন্ট নষ্ট রিয়ালের
সত্যিই তাই! গত রবিবার লা-লিগার ম্যাচে ঠিক এই বার্সাকেই যেন দেখা গেল সেল্টা ভিগোর বিপক্ষে।
Truth Of Bengal: দলের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়নডস্কি দুরন্ত ছন্দে থেকে হ্যাটট্রিক, সঙ্গে গোল লামিনে ইয়ামলের, পাশাপাশি পুরো দল যেন একদম এককাট্টা হয়ে নিজেদের সেরাটা দিচ্ছে, আর সাইড লাইনের বেঞ্চের সামনে দাঁড়িয়ে হ্যান্সি ফ্লিক ভাবছেন এই পারফরম্যান্সটাই তো আমার চাই। একদম কোচ হিসেবে এর থেকে আর কিছু চাই না। সত্যিই তাই! গত রবিবার লা-লিগার ম্যাচে ঠিক এই বার্সাকেই যেন দেখা গেল সেল্টা ভিগোর বিপক্ষে। যার ফলেই জয় পেল কাতালানরা। ম্যাচের ফল ৪-২। বার্সা ম্যাচ জিতলেও নিজেদের ঘরের মাঠে সেল্টা ভিগোর লড়াই অবশ্যই প্রশংসা দাবি রাখবে।
চোট সারিয়ে দীর্ঘ একমাস বাদে ফের রবিবারই প্রথম একাদশে থেকে মাঠে নামলেন লেওয়নডস্কি। মাঠে নেমেই পোলিশ স্ট্রাইকার প্রমাণ করে দিলেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। বার্সার জার্সিতে এখনও অনেক কিছু দেওয়ার আছে তাঁর।
রবিবার ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সা। ম্যাচের ১০ মিনিটেই ক্যাম্প ন্যুর দলকে পেনাল্টি থেকে গোল করে প্রথম এগিয়ে দেন লেওয়ানডস্কি। গোল খেলেও নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেনি সেল্টা ভিগো। ১১ মিনিটেই সমতায় ফেরে তারা। সার্জিও ক্যারেইরার গোল করে সমতায় ফেরান দলকে। এরপর বার্সার হয়ে দ্বিতীয় গোল করলেন সেই লেওয়ানডস্কি। বিরতির ঠিক আগে আবার সমতায় ফেরে সেল্টা ভিগো। এবার দলকে সমতায় ফেরান বোরহা ল্যাগলেসিয়াস। এরপর বিরতির ঠিক আগে ক্যাম্প ন্যুর দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামল।
বিরতি থেকে ফিরে এসেই ৭৩ মিনিটে হ্যান্সি ফ্লিকের দলের হয়ে ব্যবধান বাড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন পোলিশ স্ট্রাইকার লেওয়ানডস্কি। কিন্তু এত অবধি সব ঠিক থাকলেও, এক বালতি দুধে এক ফোঁটা চোনা ফেলে দিলেন বার্সার ফুটবলার ফ্রেঙ্কি ডি ইয়ং। প্রতিপক্ষ দলের ফুটবলার আসপাসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়লেন তিনি। কিন্তু জয় আটকায়নি হ্যান্সি ফ্লিকের দলের।
এই ম্যাচে হ্যাটট্রিক করার সঙ্গে সঙ্গেই লা লিগার আসরে নিজের তৃতীয় হ্যাটট্রিক সেরে ফেললেন পোলিশ স্ট্রাইকার। এর আগে এমন নজির ছিল হাঙ্গেরির কিংবদন্তী ফুটবলার পুসকাস ও আলফ্রেডো ডি স্টেফানোকে।
এদিকে বার্সা জয় পেলেও, পয়েন্ট নষ্ট করল জ্যাবি আলান্সোর রিয়াল মাদ্রিদ। রায়া ভালকানোর বিপক্ষে ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে অল রেডসদের কাছে হারের ধাক্কা এই ম্যাচেও কাটাতে পারলেন না কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়াসরা। রিয়াল এই ম্যাচে পুরো পয়েন্ট না পেলেও লা লিগার পয়েন্ট টেবিলের কিন্তু কোনও পরিবর্তন হল না। ১২ ম্যাচে ১০ জয়, ১টি ড্র ও ১টি হার নিয়ে মাদ্রিদের ক্লাবটির সংগ্রহ ৩১ পয়েন্ট। অপর দিকে সমসংখ্যক ম্যাচ খেলে ৯টি জয়, ১টি ড্র ও ২টি হারের ফলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। এবং ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিয়ারিয়াল।
অপর দিকে সিরিএ-তে জয় পেল ইন্টার মিলান। গত রবিবার লাজিও-কে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে ইন্টার মিলান। ইন্টারের হয়ে গোল করেন লাওতারো মার্টিনেজ এবং ওয়ান বনির।
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। লিভারপুলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে পেপ গুয়ার্দিওলার দল। সিটির হয়ে গোল করেন আর্লিং হালান্ড, নিকো গঞ্জালেজ এবং জেরেমি ডকু। ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করতে পারেনি সিটি। শীর্ষে থাকল আর্সেনাল। তাদের সংগ্রহ ১১ ম্যাচে ২৬ পয়েন্ট। দ্বিতীয় ম্যান সিটি। তাদের সংগ্রহ ২২ পয়েন্ট।



