“মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম!”, মধ্যরাতে মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে ডিম-পাথর, উঠল ‘চোর চোর’ স্লোগান
আড়িয়াদহে চরম উত্তেজনা! বিধায়ক মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে ডিমের ওপর ডিম, ‘চোর’ স্লোগান দিতেই ধুন্ধুমার
Truth of Bengal: ছাব্বিশের বঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই দুর্নীতি ও কাটমানির অভিযোগে বিদ্ধ আদি তৃণমূল কংগ্রেসের নেতাদের ওপর জনরোষের ছবি বারবার সামনে আসছে। শামসুল ইসলাম, সুশান্ত ঘোষদের পর এবার সেই তালিকায় যুক্ত হল কামারহাটির হেভিওয়েট তথা ‘কালারফুল’ তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) নাম। শনিবার গভীর রাতে কামারহাটির আড়িয়াদহ এলাকায় মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ডিম ছোড়া হয় এবং তাঁকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান তোলে উত্তেজিত জনতা। এই ঘটনার পরই চরম আতঙ্কিত বিধায়ক মাঝরাতেই ফেসবুক লাইভে এসে বিস্ফোরক দাবি করেন, “আজ মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম।”
গণ্ডগোল থামাতে গিয়ে নিজেই আক্রান্ত! চালককে মারধর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কামারহাটির আড়িয়াদহ এলাকায় একটি বড়সড় গণ্ডগোলের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে সেখানে ছুটে গিয়েছিলেন বিধায়ক মদন মিত্র। কিন্তু তিনি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা বিধায়কের গাড়িটি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়।
প্রাথমিক খবর অনুযায়ী, হামলার সময় মদন মিত্র গাড়ির ভেতরে ছিলেন না। তবে উত্তেজিত জনতা তাঁর গাড়ির চালককে মারধর করেছে বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে চালক কোনওরকমে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। ইতিমধ্যেই এই চাঞ্চল্যকর বিক্ষোভের একটি ভিডিও সামাজিক মাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে।
“পরিকল্পিত হামলা!” কাঠগড়ায় বিজেপি, নেপথ্যে কাউন্সিলরের কাটমানি?
এই ঘটনার পরেই মধ্যরাতে গাড়ি থেকে এবং পরে নিজের বাড়ি ফিরে ব্যাক-টু-ব্যাক ফেসবুক লাইভ (Facebook Live) করেন মদন মিত্র। তিনি এই হামলার জন্য সরাসরি ‘বিজেপিআশ্রিত দুষ্কৃতী’দের দিকে আঙুল তুলেছেন। তাঁর দাবি, তাঁকে রাজনৈতিকভাবে হেনস্থা ও প্রাণে মেরে ফেলার জন্য এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত ছিল।
তবে স্থানীয় সূত্রের দাবি অন্য। শনিবার বিকেল থেকেই কামারহাটির ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকার অটো ও টোটোচালকরা। ওই কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ ‘কাটমানি’ বা তোলা নেওয়ার অভিযোগ উঠেছে এবং চালকরা সেই টাকা ফেরতের দাবিতে সরব হয়েছিলেন। রাজনৈতিক মহলের অনুমান, সেই কাটমানি ক্ষোভের আগুনেই ঘি পড়েছে মদন মিত্র আড়িয়াদহে পা রাখায়। রাজ্যে ক্ষমতা বদলের পর যেভাবে জেলায় জেলায় তৃণমূলের দাপুটে নেতাদের ওপর ডিম-জুতো বৃষ্টির পালা চলছে, তাতে মদন মিত্রের গাড়িতে এই হামলা বঙ্গে এক নতুন রাজনৈতিক ডামাডোলের ইঙ্গিত দিচ্ছে।





