নিট বিতর্কে সংসদে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, বিরোধীদের কড়া বার্তা সংসদীয় মন্ত্রীর
রাহুল-অখিলেশের ধর্না ও সিজেপি-র উত্তাল আন্দোলনের জের! নিট কেলেঙ্কারিতে অবশেষে পিছু হটল সরকার?
Truth of Bengal: নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁস ও ব্যাপক অনিয়ম নিয়ে দেশজুড়ে চলা তীব্র প্রতিবাদ ও রাজনৈতিক জট কাটতে অবশেষে বড় পদক্ষেপ নিল মোদী সরকার। বিরোধীদের ক্রমাগত দাবি ও রাজপথের উত্তপ্ত আন্দোলনের মুখে দাঁড়িয়ে নিট কেলেঙ্কারি নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনায় সায় দিল কেন্দ্র। বুধবার আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। দেশের ভবিষ্যৎ পরীক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি স্পষ্ট জানান, পড়ুয়া ও শিক্ষার্থীরাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
নিট প্রশ্ন ফাঁস কাণ্ড সামনে আসার পর থেকেই সরব হয়ে উঠেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) একের পর এক প্রতিবাদ কর্মসূচি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সোচ্চার হয় তারা। সোমবার সিজেপি-র সংসদ অভিযানকে কেন্দ্র করে রাজধানী দিল্লি রীতিনীতি রণক্ষেত্রের চেহারা নেয়। এরপরের দিনই অর্থাৎ মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে হঠাৎ ধরণায় বসে পড়েন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ একাধিক বিরোধী নেতৃত্ব। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁদের দ্রুত সরিয়ে দেয় দিল্লি পুলিশ।
ধরণা চলাকালীন কংগ্রেস ও বিরোধী নেতাদের সঙ্গে কথা বলতে পৌঁছান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি আলোচনার আশ্বাস দিলেও রাহুল গান্ধী ধরণা তুলতে অস্বীকার করেন বলে সরকারের তরফে দাবি করা হয়। এমনকি রাহুল ক্রমাগত তাঁর দাবিদাওয়া বদলে জটিলতা বাড়াচ্ছিলেন বলেও অভিযোগ তোলেন জিতেন্দ্র। তবে সমস্ত রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে বুধবার রিজিজু সাফ জানিয়ে দেন, নিট ইস্যুতে সরকার কোনও বিষয় লুকোতে চায় না এবং সংসদে খোলা মনে আলোচনায় বসতে পুরোপুরি প্রস্তুত। প্রশাসনিক সূত্রে খবর, বিরোধীরা রাজি থাকলে আগামী বৃহস্পতিবার থেকেই এই বহু প্রতীক্ষিত আলোচনা শুরু হতে পারে।
বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে কিরেণ রিজিজু বলেন, “আলোচনার সময় সমস্ত বিরোধী দল নিজেদের বক্তব্য অবাধে তুলে ধরতে পারে, তাঁদের কেউ বাধা দেবে না। কিন্তু আলোচনা শুরু হওয়ার আগেই যদি শর্তের পাহাড় খাড়া করা হয়, তবে বুঝতে হবে আপনারা আসলে সমাধান বা আলোচনা চান না। আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি, নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে যেকোনো আলোচনার জন্য সরকার প্রস্তুত।”



