বিনোদন

ফের বড় পর্দায় মহুয়া রায়চৌধুরী, প্রকাশ্যে ‘গুন গুন করে মহুয়া’র প্রথম লুক

২৬ বছরেই রহস্যমৃত্যু! প্রয়াণের ৪১ বছর পর পর্দায় ফিরছেন মহুয়া রায়চৌধুরী!

Truth of Bengal: ১৯৮৫ সালের ২২ জুলাই বাংলা চলচ্চিত্র জগতে নেমে এসেছিল গভীর শোকের ছায়া। মাত্র ২৬ বছর বয়সে অগ্নিদগ্ধ হয়ে প্রয়াত হয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। তাঁর মৃত্যু আজও রহস্যে ঘেরা। সেই প্রয়াণের ৪১ বছর পূর্তির দিনেই প্রকাশ্যে এল তাঁর জীবন অবলম্বনে নির্মিত বায়োপিক ‘গুন গুন করে মহুয়া’-র প্রথম লুক।

ছবিটি প্রযোজনা করছেন রানা সরকার এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজদীপ ঘোষ। মহুয়ার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। প্রথম লুক প্রকাশের পরই তাঁর রূপসজ্জা ও মহুয়ার সঙ্গে আশ্চর্য মিল দর্শকদের নজর কেড়েছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর মেকআপে অঙ্কিতা যেন পর্দায় জীবন্ত হয়ে উঠেছেন মহুয়া রায়চৌধুরী।

নির্মাতাদের দাবি, এই ছবিতে শুধু একজন তারকা অভিনেত্রীর উত্থানের গল্পই নয়, বরং তাঁর জীবনকে ঘিরে দীর্ঘদিনের নানা অজানা রহস্যের অনুসন্ধানও তুলে ধরা হবে। জন্ম, ব্যক্তিগত সম্পর্ক, আর্থিক জীবন, পারিবারিক টানাপোড়েন এবং রহস্যমৃত্যু, সব দিকই ছবির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।

প্রথম লুক প্রকাশের সঙ্গে নির্মাতারা এক আবেগঘন বার্তাও শেয়ার করেছেন। সেখানে বলা হয়েছে, “আজ ২২ জুলাই। ৪১ বছর আগে এই দিনেই বৃষ্টিভেজা কলকাতার এক হাসপাতালের শয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাঙালির প্রিয় মহুয়া। তাঁর জীবন ছিল রহস্যে মোড়া। সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বড় পর্দায় ফিরছেন মহুয়া।”

মহুয়া রায়চৌধুরী বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। অল্প সময়ের অভিনয়জীবনেই তিনি অসংখ্য দর্শকের মন জয় করেছিলেন। কিন্তু তাঁর আকস্মিক মৃত্যু আজও নানা প্রশ্নের জন্ম দেয়। সেই অজানা অধ্যায়গুলিকেই নতুনভাবে তুলে ধরার চেষ্টা করবে ‘গুন গুন করে মহুয়া’। প্রথম লুক প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে ছবিটি ঘিরে কৌতূহল তুঙ্গে। এখন অপেক্ষা শুধু ট্রেলার এবং ছবি মুক্তির।