বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের তাণ্ডব! আষাঢ়-শ্রাবণের আবহে রাজ্যজুড়ে টানা বৃষ্টির মেগা স্পেল
বৃহস্পতিবার ভোর থেকেই আকাশের মুখ ভার তিলোত্তমা কলকাতায়।
Truth of Bengal: আষাঢ়-শ্রাবণের আবহে রাজ্যজুড়ে জাঁকিয়ে বসেছে বর্ষা। কোথাও মুষলধারে বৃষ্টি, আবার কোথাও নামছে নাগাড়ে টিপটিপ ধারা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তসহ মোট পাঁচটি ঘূর্ণাবর্ত বর্তমানে অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখাও। এই জোড়া প্রভাবেই তিলোত্তমা তছনছ করে গোটা রাজ্যজুড়ে বৃষ্টির দাপট একধাক্কায় অনেকটা বেড়েছে, সঙ্গে জারি রয়েছে দমকা হাওয়া ও ঝোড়ো পরিস্থিতি।
বৃহস্পতিবার ভোর থেকেই আকাশের মুখ ভার তিলোত্তমা কলকাতায়। কখনো হালকা আবার কখনো নামছে একপশলা জোরালো বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, সারাদিন জুড়েই কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং বৃষ্টি অব্যাহত থাকবে। মাঝেমধ্যে ক্ষণিকের জন্য রোদের দেখা মিললেও স্বস্তি পাওয়ার কোনো সুযোগ নেই। তাই বাড়ি থেকে বেরোনোর আগে ব্যাগে ছাতা রেনকোট রাখা আবশ্যক। শুধু শহর কলকাতা নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবারও দুর্যোগ থেকে এখনই রেহাই মিলছে না। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ ছাড়া কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী ২৬ জুলাই পর্যন্ত বজায় থাকতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরেই নাগাড়ে বৃষ্টি চলছে, যার ধারাবাহিকতা বজায় থাকবে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। তবে রবিবার থেকে ফের মোড় ঘুরতে পারে উত্তরের আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রবিবারের পর থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। বিশেষ করে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল এলাকায় বৃষ্টির এই পূর্বাভাস জারি থাকবে।






