অফবিটশিক্ষা

সংসারের অভাব থমকে দিতে পারেনি স্বপ্ন! অদম্য জেদে আজ তহসিল অফিসের শীর্ষ পদে মীনাক্ষী

তাঁর এই সাফল্যের নেপথ্যে রয়েছে আর্থিক প্রতিকূলতা, পারিবারিক লড়াই এবং দীর্ঘদিনের কঠোর পরিশ্রম

Truth of Bengal: একসময় যে তহসিল অফিসে বাড়ির তৈরি টিফিন পৌঁছে দিতেন, এবার সেখানেই প্রশাসনিক আধিকারিক হিসেবে কাজ করার সুযোগ পেলেন ঋষিকেশের মীনাক্ষী ভাটিয়া। উত্তরাখণ্ড লোক সেবা কমিশনের পিসিএস ২০২৪ পরীক্ষায় সাধারণ বিভাগে পঞ্চম স্থান অর্জন করে ডেপুটি কালেক্টর পদে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর এই সাফল্যের নেপথ্যে রয়েছে আর্থিক প্রতিকূলতা, পারিবারিক লড়াই এবং দীর্ঘদিনের কঠোর পরিশ্রম। মীনাক্ষীর জীবনে সংগ্রাম শুরু হয় খুব অল্প বয়সে। ২০০৩ সালে বাবার মৃত্যুর পর চরম আর্থিক সংকটের মুখে পড়ে তাঁর পরিবার। সংসারের হাল ধরতে মীনাক্ষীর মা টিফিন পরিষেবা চালু করেন। মায়ের পাশে দাঁড়ান দুই মেয়েও। বাড়ি-বাড়ি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন মীনাক্ষী।

টিফিন পৌঁছে দিতে প্রায়ই তাঁকে তহসিল অফিসে যেতে হত। সেখানে প্রশাসনিক আধিকারিকদের কাজ খুব কাছ থেকে দেখতেন তিনি। সেই সময় থেকেই তাঁর মনে সরকারি প্রশাসনিক পরিষেবায় যোগ দেওয়ার স্বপ্ন জন্ম নেয়। যে তহসিল চত্বরে একদিন টিফিনের ব্যাগ হাতে ঘুরেছিলেন, আজ সেখানেই ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া তাঁর কাছে এক স্বপ্নপূরণের মুহূর্ত। আর্থিক সমস্যা কখনও তাঁর পড়াশোনার পথে বাধা হতে পারেনি। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় প্রতিদিন প্রায় ১০ ঘণ্টা পড়াশোনা করতেন মীনাক্ষী। মনঃসংযোগ বজায় রাখতে সমাজমাধ্যম থেকেও নিজেকে দূরে রেখেছিলেন। নির্দিষ্ট পরিকল্পনা, নিয়মিত অনুশীলন এবং আত্মবিশ্বাসকে সাফল্যের প্রধান চাবিকাঠি বলে মনে করেন তিনি।

ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী ছিলেন মীনাক্ষী। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ঋষিকেশের সিটি টপার হয়েছিলেন তিনি। এবার ইউকেপিএসসি পিসিএস পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করে আরও একবার নিজের যোগ্যতার প্রমাণ দিলেন। মীনাক্ষীর জীবনকাহিনি দেখিয়ে দিল, অভাব কিংবা কঠিন পরিস্থিতি কোনও স্বপ্নকে থামিয়ে দিতে পারে না। অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং পরিশ্রম থাকলে টিফিন পৌঁছে দেওয়া একটি মেয়েও একদিন সেই অফিসের ডেপুটি কালেক্টরের চেয়ারে বসতে পারেন। তাঁর সাফল্য এখন দেশের অসংখ্য তরুণ-তরুণী, বিশেষ করে প্রতিকূলতার সঙ্গে লড়াই করা মেয়েদের কাছে নতুন অনুপ্রেরণা।