কলকাতা

মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবার সকাল ১১টায় বিধাননগর থানায় হাজিরার নির্দেশ

আগামী সোমবারের মধ্যেই তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে হবে।

Truth of Bengal: ভাই স্বরূপ বিশ্বাস ইতিমধ্যেই দুর্নীতির মামলায় শ্রীঘরে ঢুকেছেন। এবার কি তবে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা তৃণমূলের দাপুটে নেতা অরূপ বিশ্বাসের পালা? বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে তৈরি হওয়া কোটি কোটি টাকার ‘মেসিকাণ্ড’ বা টিকিট কেলেঙ্কারিতে এবার প্রাক্তন মন্ত্রীর ওপর আইনি চাপ এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিল বিধাননগর পুলিশ। এই মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য অরূপ বিশ্বাস দিন পনেরোর সময় চেয়েছিলেন। কিন্তু শাসকদলের এই প্রভাবশালী নেতাকে অতিরিক্ত সময় দিতে একেবারেই নারাজ তদন্তকারীরা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী সোমবারের মধ্যেই তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে হবে।

পুলিশি সূত্রের খবর, গত ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির ‘গোট টুর’ (GOAT Tour) ইভেন্টের মূল আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় খোদ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একটি লিখিত এফআইআর (FIR) দায়ের করেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫), ৩০৮(২), ৩১৮(৪), ৩৫১(২) এবং ৬১(২) নম্বর ধারা অর্থাৎ টিকিটে চরম কালোবাজারি, ক্ষমতা খাটিয়ে তোলাবাজি বা চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় চরম গাফিলতি এবং প্রতারণার মতো একাধিক গুরুতর ও জামিন অযোগ্য অভিযোগ আনা হয়েছে। শতদ্রু দত্তের বিস্ফোরক দাবি, মেসির এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে প্রায় ২২ হাজার টিকিট গায়ের জোরে হাতিয়ে নিয়ে কালোবাজারি করেছেন প্রাক্তন মন্ত্রী ও তাঁর অনুগামীরা। এর পাশাপাশি আরও অভিযোগ, প্রভাব খাটিয়ে কোনো রকম প্রোটোকল না মেনেই মেসির একেবারে কাছাকাছি চলে গিয়েছিলেন অরূপ এবং আয়োজকদের অনুমতি ছাড়াই জোরপূর্বক মেসির গায়ে হাত দিয়ে বিশ্বমঞ্চে দেশের নিরাপত্তা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিলেন।

শতদ্রুর এই জোরালো অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রথমে অরূপ বিশ্বাসকে ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নোটিশ পাঠিয়েছিল। তবে সেই ডেডলাইনের আগেই প্রাক্তন মন্ত্রী পুলিশের সাথে যোগাযোগ করে জানান যে তিনি মারাত্মক অসুস্থ, তাই আগামী দুই সপ্তাহের মধ্যে কোনোভাবেই থানায় হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। কিন্তু বিধাননগর পুলিশ তাঁর এই অসুস্থতার অজুহাতকে পাত্তাই দিতে নারাজ। মাত্র দু’দিনের মাথায়, শনিবারই পুনারায় কড়া নোটিশ পাঠিয়ে আগামী ৮ জুন, অর্থাৎ সোমবার সকাল ১১টার মধ্যে অরূপ বিশ্বাসকে থানায় হাজিরা দেওয়ার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য, এই ‘মেসি বিভ্রাট’ কাণ্ডে গ্রেপ্তারির হাত থেকে বাঁচতে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অরূপ। কিন্তু নিম্ন আদালত তাঁর সেই আর্জি সটান খারিজ করে দেয়। এরপর তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন, যেখানে আগামী ৯ জুন এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, মঙ্গলবার হাই কোর্ট থেকে কোনো অন্তর্বর্তী আইনি সুরক্ষার আশায় দিন গুনছিলেন প্রাক্তন মন্ত্রী; কিন্তু চতুর পুলিশ তার আগের দিন অর্থাৎ সোমবারই তাঁকে তলব করায় চরম বিপাকে পড়েছেন তিনি। সোমবার সকাল ১১টায় থানায় পা রাখলেই অরূপ বিশ্বাসকে পুলিশ হেফাজতে নেবে কিনা, অর্থাৎ রাজ্য রাজনীতিতে আরও এক হাইপ্রোফাইল গ্রেফতারির সম্ভাবনা তৈরি হবে কিনা—তা নিয়ে এখন জোর জল্পনা চলছে।

Related Articles