নিট আন্দোলনে তোলপাড় দিল্লি! শিক্ষার্থীদের সমর্থনে বড় সিদ্ধান্ত হানি সিং ও আরমান মালিকের
শুধু সমর্থনই নয়, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে নিজেদের নতুন গানের মুক্তিও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা
Truth of Bengal: দিল্লিতে নিট ইস্যুকে কেন্দ্র করে চলা ছাত্র আন্দোলন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন বলিউডের আরও দুই জনপ্রিয় শিল্পী। অরিজিৎ সিংয়ের পর এবার আন্দোলনের প্রতি সংহতি জানালেন গায়ক ও র্যাপার হানি সিং এবং জনপ্রিয় গায়ক আরমান মালিক। শুধু সমর্থনই নয়, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে নিজেদের নতুন গানের মুক্তিও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। নিটে অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জুলাইয়ের শুরু থেকেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সম্প্রতি দিল্লিতে ‘সংসদ অভিযান’ কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহারের ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের সুর আরও জোরালো হয়।
এরই মধ্যে সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন হানি সিং। আন্দোলনরত পড়ুয়াদের উদ্দেশে তিনি লেখেন, “আমাদের দেশের তরুণরা অমর। ভোলেনাথ তাঁদের এই কঠিন সময়ে শক্তি দিন।” একইসঙ্গে তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতির প্রতি সম্মান জানিয়ে তাঁর নতুন গান ‘মুনলাইট’-এর টিজার প্রকাশ কয়েক দিনের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে।একই সিদ্ধান্ত নিয়েছেন গায়ক আরমান মালিকও। ২২ জুলাই, যা তাঁর জন্মদিনও, সেদিন মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর নতুন গান ‘গয়া কাম সে’। তবে দিল্লির পরিস্থিতির কথা উল্লেখ করে ভিডিও বার্তায় তিনি জানান, এমন পরিস্থিতিতে নতুন গান প্রকাশ করা তাঁর কাছে সমীচীন মনে হয়নি। তাই আপাতত গানটির মুক্তি স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তা প্রকাশ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে অরিজিৎ সিং-সহ শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন এবং অনুরাগ কাশ্যপের মতো একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। হানি সিং ও আরমান মালিকের সিদ্ধান্ত সেই সংহতির বার্তাকেই আরও শক্তিশালী করল।



