বাম নেতার জমিতে উদ্ধার কংগ্রেস কর্মীর কঙ্কাল! কী বললেন তৃণমূল বিধায়ক?
খবর দেওয়া হয় অশোকনগর থানায়, পুলিশ এসে কঙ্কাল উদ্ধার করে সংগ্রহে নেয়।
Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার অশোকনগরে উদ্ধার হওয়া কঙ্কালকে ঘিরে বাড়ল আরও চাঞ্চল্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র অভিযোগ তুললেন অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ গোস্বামী।
রবিবার দুপুরে অশোকনগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সিপিআইএম নেতা বিজন মুখার্জির বাড়িতে নতুন বাড়ি তৈরির জন্য ভিত খোঁড়ার কাজ চলছিল। সেই সময় শ্রমিকরা মাটি কাটতে গিয়ে প্রথমে দুটি মানব খুলির অংশ ও পরে আরও হাড়গোড় দেখতে পান। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা। খবর দেওয়া হয় অশোকনগর থানায়, পুলিশ এসে কঙ্কাল উদ্ধার করে সংগ্রহে নেয়।
এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী দাবি করেন, উদ্ধার হওয়া কঙ্কালটি কংগ্রেস কর্মীদের। তাঁর অভিযোগ, “এটি কোনও সাধারণ ঘটনা নয়। বহুদিন আগে যে রাজনৈতিক সন্ত্রাস চালানো হয়েছে, এই কঙ্কাল সেই ঘটনারই সাক্ষ্য বহন করছে। সত্য সামনে আসলেই অনেক মুখোশ খুলে যাবে।”
বিধায়কের এমন মন্তব্যে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে অশোকনগরে। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কঙ্কালটি কতদিন আগের, এটি পুরুষ না নারীর তা নির্ধারণে ফরেনসিক ও পরীক্ষা করা হবে। রিপোর্ট হাতে আসার পরই বিস্তারিত জানা যাবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। পুলিশের তদন্তের অপেক্ষায় সবাই।






