রাজ্যের খবর

‘সনাতন ধর্মের প্রচারকদের জেল-জুলুম করা হচ্ছে!’ মাহেশে দাঁড়িয়ে বক্তব্য কার্তিক মহারাজের

নির্বাচন কমিশন এবং ভোটদানের পদ্ধতি নিয়েও এ দিন নিজের বক্তব্য তুলে ধরেন তিনি

তরুণ মুখোপাধ্যায়, সৌগত রায় হুগলি: সনাতন ধর্মের প্রচারকদের ‘জেল-জুলুম’ করা হচ্ছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও ভোটপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজ। সোমবার শ্রীরামপুরের মাহেশে জগন্নাথ মন্দির সংলগ্ন মাঠ পরিদর্শনে এসে এমনই বক্তব্য রাখেন তিনি। আগামী ২৮ অক্টোবর ওই মাঠেই ১০ হাজার কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের আয়োজন করা হয়েছে। কার্তিক মহারাজ বলেন, সনাতন ধর্মের প্রচার করতে গিয়ে সাধু-সন্ন্যাসীদের জেলবন্দি হতে হচ্ছে। এই ধরনের ঘটনাকে তিনি ‘নিপীড়ন’ বলে অভিযোগ করেন। পাশাপাশি নির্বাচন কমিশন এবং ভোটদানের পদ্ধতি নিয়েও এ দিন নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

তাঁর বক্তব্যে উঠে আসে ধর্মীয় পরিচয়, খাদ্যাভ্যাস এবং সামাজিক বিতর্কের প্রসঙ্গও। মানুষের খাদ্যাভ্যাস ও পোশাক নিয়ে অযথা বিতর্ক এবং ভুল ধারণার সমালোচনা করেন তিনি। শ্রীমদ্ভগবদ্গীতার প্রসঙ্গ টেনে খাদ্যকে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক—এই তিন ভাগে দেখার কথাও বলেন। মানবসভ্যতার বিভিন্ন পর্যায় এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের প্রসঙ্গও তাঁর বক্তব্যে উঠে আসে।

এ দিন মাহেশের জগন্নাথ মন্দিরও পরিদর্শন করেন কার্তিক মহারাজ। আগামী ২৮ অক্টোবরের গীতা পাঠের প্রস্তুতি নিয়েও আয়োজকদের সঙ্গে কথা বলেন তিনি। দলমত নির্বিশেষে সকলকে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানান। উদ্যোক্তাদের দাবি, ১০ হাজার মানুষের কণ্ঠে একসঙ্গে গীতা পাঠের মাধ্যমে সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই তাঁদের লক্ষ্য। কার্তিক মহারাজের সঙ্গে এ দিন ছিলেন বিজেপির রাজ্য কমিটির নেত্রী নমিতা নায়েক এবং বিজেপি নেতা আচ্ছেলাল যাদব।

Related Articles