খেলারাজ্যের খবর

কালীতলা ময়দানে আন্তঃজেলা মহিলা কাবাডি প্রতিযোগিতা, উদ্বোধন করবেন মন্ত্রী বেচারাম মান্না

মহেশ যুব কিশোর সংঘ, শুকতারা এবং সব পেয়েছি আসরের যৌথ পরিচালনায় এই তিন দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তরুণ মুখোপাধ্যায়, হুগলি: হুগলি জেলার মহেশ কালীতলা ময়দানে আগামী ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এক বর্ণাঢ্য আন্তঃজেলা মহিলা কাবাডি প্রতিযোগিতা। মহেশ যুব কিশোর সংঘ, শুকতারা এবং সব পেয়েছি আসরের যৌথ পরিচালনায় এই তিন দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান তথা শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা জানান, ওয়েস্ট বেঙ্গল কাবাডি অ্যাসোসিয়েশন এবং শ্রীরামপুর মিউনিসিপালিটির ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা চলবে। রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত মোট ১৬টি মহিলা কাবাডি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রায় ১০০ জন খেলোয়াড় এই তিন দিনের টানটান প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিজেদের সেরাটা প্রমাণ করার সুযোগ পাবেন।

অনুষ্ঠানসূচি ও বিশিষ্ট অতিথিবর্গ

প্রতিযোগিতার প্রাক্কালে, ১৯ ডিসেম্বর যুব কিশোর সংঘ, শুকতারা ও সব পেয়েছি আসরের পরিচালনায় মহিলা কাবাডি খেলোয়াড়দের নিয়ে কালীতলা থেকে শ্রীরামপুর বটতলা পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

ওই দিন দুপুরে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের কৃষিজ বিপণন দফতরের মন্ত্রী বেচারাম মান্না।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, বিধায়ক সুদীপ্ত রায়, বিধায়ক অরিন্দম গুইন, রিষড়া পৌরসভার প্রধান বিজয় সাগর মিশ্র, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিং সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বৃন্দ।

প্রতিযোগিতার শেষ দিনে বিজয়ী এবং বিজিত খেলোয়াড়দের হাতে উপহার তুলে দেবেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক খুরশিদ কাদরী, এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পন্ডিত জাগলভি।

এদিনের সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় পুর সদস্য শর্মিষ্ঠা দাস, আন্তর্জাতিক কাবাডি রেফারি এবং ন্যাশনাল কোচ অভিজিৎ পালিত, ক্রীড়া সংগঠক হিমাংশু দাস সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতার পাবলিসিটির দায়িত্বে রয়েছেন প্রদীপ চক্রবর্তী এবং মনোজ বসু।

Related Articles