বালিভাষা টোল প্লাজার কালীপুজোয় নতুন ভাবনার ছোঁয়া, কী সেই থিম জানেন?
দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে থিমভিত্তিক কালীপুজোর আলোচনায় এখন সবার আগে নাম আসছে
বালিভাষা টোল প্লাজার শ্যামাপুজোর। পঞ্চম বর্ষে পদার্পণ করা এই পুজো এবার থিম হিসেবে বেছে নিয়েছে এক অনন্য ভাবনা। কী সেই ভাবনা?
আরও পড়ুন: জ্বলল সন্ধ্য়াবাতি, ধুপের আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি?
সেই ভাবনার নাম ‘সময়ের সৃষ্টি’। শিল্পীর হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে সময়ের আবর্তে মহাবিশ্ব ও সৌরজগতের জন্মের কাহিনি, যা মনোমুগ্ধকর মণ্ডপ ও প্রতিমার মাধ্য়মে দর্শিত হয়। প্রতিবছরের মতো এবছরও মুম্বাই-কলকাতাগামী জাতীয় সড়কের ধারে বালিভাষা এলাকায় অনুষ্ঠিত হয় এই শ্যামাপুজো। বাঁশ, কাঠের বাটাম ও পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি মণ্ডপে বিশেষ আলোকসজ্জা ও শিল্পসম্মত প্রতিমা দর্শনার্থীদের মুগ্ধ করেছে। সন্ধ্যা নামতেই টোলপ্লাজার চতুর্দিকে আলোর কারুকার্য যেন অন্য এক জগতে পৌঁছে দেয় ভক্তদের।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
সোমবার পুজোর উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি সহ একাধিক বিশিষ্ট অতিথি। প্রতিদিনের মতো পুজো প্রাঙ্গণে আয়োজিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যার মধ্যে ছিল জঙ্গলমহলের ঐতিহ্যবাহী ঝুমুর গানের পরিবেশনও। কমিটির অন্যতম উদ্যোক্তা ও ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শান্তনু মাহাতো বলেন, “আমাদের এই পুজো শুধু দেবীর আরাধনা নয়, মানুষের মিলনমেলাও। দর্শনার্থীদের ভালোবাসা ও ভিড়ই আমাদের সাফল্যের মূল প্রেরণা।” উৎসবমুখর পরিবেশে টোলপ্লাজার কালীপুজো ঘিরে চলেছে আনন্দ, আলো ও ভক্তির মেলবন্ধন। সোমবার রাত পর্যন্ত চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তদের ভিড়। ঝাড়গ্রামের পঞ্চম বর্ষের এই থিমভিত্তিক পূজো নিঃসন্দেহে এ বছরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।






