রাজ্যের খবর

ভোটার তালিকা সংশোধনে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, স্বচ্ছতা ফেরাতে গুচ্ছ নির্দেশিকা জারি কমিশনের

নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই সমস্ত নথি ও শংসাপত্র বি এল ও অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে।

Truth Of Bengal: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ২০২৬ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে WP(C) নং ১০৮৯/২০২৫ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গে চলমান এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নাগরিক অধিকার নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ২৪ জানুয়ারি ২০২৬-এর মধ্যে যেসব ভোটারের নাম ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ এবং ‘আনম্যাপড’ শ্রেণিভুক্ত হয়েছে, সেই সমস্ত নামের তালিকা গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, তালুক অফিস, জনসমাগমস্থল এবং শহরাঞ্চলে ওয়ার্ড অফিসে প্রকাশ্যে টাঙাতে হবে।

এছাড়া সংশ্লিষ্ট ভোটাররা নিজেরা অথবা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে (প্রয়োজনে বুথ লেভেল এজেন্ট বা BLA-র মাধ্যমেও) নথি ও আপত্তি জমা দিতে পারবেন। এর জন্য ভোটারের স্বাক্ষর বা আঙুলের ছাপ-সহ একটি অথরিটি লেটার জমা দিতে হবে।নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি ভোটার তালিকার অংশের জন্য গ্রাম পঞ্চায়েত ভবন/ব্লক অফিস/ওয়ার্ড অফিসে শুনানি ও নথি জমার ব্যবস্থা করতে হবে।

নাম প্রকাশের পর ১০ দিনের অতিরিক্ত সময়সীমা দেওয়া হবে, যাতে যাঁরা এখনও দাবি বা আপত্তি জানাননি, তাঁরাও সুযোগ পান। শুধু নথি গ্রহণই নয়, সংশ্লিষ্ট ভোটারদের ই আর ও/এ ই আর ও-র মাধ্যমে শুনানির সুযোগ দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। শুনানি সরাসরি বা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হতে পারে। পাশাপাশি নথি গ্রহণ ও শুনানির বিষয়টি লিখিতভাবে রসিদ ও শংসাপত্র দিয়ে নিশ্চিত করতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই সমস্ত নথি ও শংসাপত্র বি এল ও অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে। জন্মতারিখ প্রমাণের ক্ষেত্রে মাধ্যমিক (দশম শ্রেণি) অ্যাডমিট কার্ডও গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশগুলি কঠোরভাবে মানতে হবে এবং সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সাধারণ ভোটারদের অধিকার আরও সুদৃঢ় হবে।

Related Articles