পরকীয়ার চরম পরিণতি বিজেপি কর্মীর! খু*ন করে দেহের টুকরো খালে ভাসাল প্রেমিকা
নিখোঁজের ৭ দিন পর মিলল খণ্ড-বিখণ্ড দেহ! ফরাক্কায় বিজেপি কর্মীকে খুনে গ্রেফতার প্রেমিকা ও তার সঙ্গী!
Truth of Bengal: ত্রিকোণ প্রেমের ভয়াবহ ও নারকীয় পরিণতি দেখে শিউরে উঠল মুর্শিদাবাদ! বিবাহবহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে চরম প্রতিশোধ নিতে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে নৃশংসভাবে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে খালে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল ফরাক্কায়। ৭ দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার ফরাক্কার বল্লালপুর ফিডার ক্যানেল ঘাট থেকে উদ্ধার হয়েছে মৃতদেহের একাধিক খণ্ডাংশ। পুলিশি অনুমানে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের স্বীকার মৃত যুবকের নাম সুজিত মণ্ডল (বিজেপি কর্মী), যিনি ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গরুর হাটের বাসিন্দা ছিলেন।
পেশায় বিড়ি কারখানার কর্মী তথা সুদের কারবারি সুজিত মণ্ডল গত ২৮ আগস্ট রাখি পূর্ণিমার দিন সকালে একটি রহস্যময় ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। নিখোঁজের পর সুজিতের মোবাইল ফোন ব্যবহার করে তাঁর ছেলের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার বিষয়টি ফরাক্কা থানায় জানালেও অভিযোগ যে প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি। পরবর্তীতে পরিবার ও স্থানীয় বিজেপি কর্মীদের লাগাতার চাপে তদন্তে নেমে পুলিশ এক মহিলা-সহ দুই সন্দেহভাজনকে আটক করে জেরা শুরু করতেই উন্মোচিত হয় এই রোমহর্ষক ব্লু-প্রিন্ট।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার সঙ্গে সুজিতের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। তবে সম্প্রতি ওই মহিলা অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এই নিয়ে সুজিতের সঙ্গে বচসা শুরু হয় এবং সুজিত ওই মহিলাকে ব্ল্যাকমেল করছিলেন বলে অভিযোগ। প্রতিশোধ নিতেই নতুন প্রেমিককে সঙ্গে নিয়ে ছক কষে মহিলা। গত ২৮ তারিখ সুজিতকে কৌশলে ধুলিয়ানের একটি বাড়িতে ডেকে এনে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে সুজিতের দেহ টুকরো টুকরো করে সিমেন্টের বস্তায় ভরে মোটরসাইকেলে করে বেশ কয়েক দফায় ফিডার ক্যানেলের জলে ভাসিয়ে দেওয়া হয়।
ইতিমধ্যেই ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। ক্যানেলে ডুবুরি নামিয়ে মাথার অংশসহ দেহের অন্যান্য টুকরো উদ্ধারে জোর তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় সুজিতের বোন তথা ফরাক্কা পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য অপরাজিতা মণ্ডল সাহা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে আগে থেকেই আরেকটি অপহরণের অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে ফরাক্কা ও সামশেরগঞ্জ জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।






