রাজ্যের খবর

ফরাক্কায় ধসে বিপাকে যাত্রীরা! ট্রেনেই খাবার, বিনামূল্যে অতিরিক্ত বাসের ঘোষণা শুভেন্দুর

এই পরিস্থিতিতে বিপাকে পড়া যাত্রীদের পাশে দাঁড়াল রাজ্য সরকার

Truth of Bengal: নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ফের ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গের রেল যোগাযোগ। মেরামতির কাজ চলাকালীন নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ধসের জেরে বেঁকে গিয়েছে ওভারহেড বৈদ্যুতিক খুঁটি। ফলে একাধিক ট্রেন বাতিল হয়েছে, আবার বহু ট্রেন মালদহ ও মুর্শিদাবাদ ডিভিশনের বিভিন্ন জায়গায় আটকে রয়েছে। এই পরিস্থিতিতে বিপাকে পড়া যাত্রীদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। ট্রেনে আটকে থাকা যাত্রীদের জন্য জল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে অতিরিক্ত সরকারি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় বিকল্প হিসেবে এই বিশেষ বাস পরিষেবা যাত্রীদের বিনামূল্যে দেওয়া হবে।

ফরাক্কায় ধসের জেরে কলকাতা, মালদহ ও শিলিগুড়ির মধ্যে রেল চলাচল কার্যত ব্যাহত হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকশো যাত্রী। পরিস্থিতি সামাল দিতে একাধিক গুরুত্বপূর্ণ রুটে বাসের সংখ্যা বাড়িয়েছে রাজ্য। কলকাতা-শিলিগুড়ি রুটে অতিরিক্ত ২৩টি বাস চালানোর ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশে ১৮টি বাস চালানো হবে। দুর্গাপুর-বালুরঘাট রুটে অতিরিক্ত ২টি বাস এবং মালদহ-কলকাতা রুটে বিশেষ পরিষেবা হিসেবে ৫টি বাস বরাদ্দ করা হয়েছে। এছাড়াও সন্ধ্যার দিকে কলকাতা থেকে উত্তরবঙ্গমুখী যাত্রীদের জন্য এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির এনজেপি বাস টার্মিনাস পর্যন্ত বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রতি এক ঘণ্টা অন্তর বাস ছাড়ার ব্যবস্থা থাকছে।

অন্যদিকে মালদহ ও মুর্শিদাবাদ ডিভিশনের বিভিন্ন জায়গায় আটকে থাকা যাত্রীবাহী ট্রেনগুলির যাত্রীদের জন্য ট্রেনেই জল ও খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। তাঁদের গন্তব্যে পৌঁছে দিতে আলাদাভাবে ২০টি সরকারি বাসও রাখা হয়েছে। এই পরিষেবার জন্য যাত্রীদের কোনও ভাড়া দিতে হবে না। রেলের তরফে ধসে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন, ওভারহেড বিদ্যুৎ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট পরিকাঠামোর কাজ করা হচ্ছে। একই সঙ্গে যাত্রী সুরক্ষার দিকেও নজর রেখেছে রাজ্য সরকার। নবান্ন থেকে পরিস্থিতির উপর নজরদারি চলছে বলে প্রশাসন সূত্রের খবর। যাত্রীদের নিরাপত্তা ও তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।