কলকাতা

বাথরুমের চিরকুটে লেখা ‘বোমা’! কলকাতা থেকে গোরক্ষপুরগামী বিমানে বোমাতঙ্ক

সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে শুরু হয় ব্যাপক তল্লাশি

Truth of Bengal: কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ঘিরে শুক্রবার সন্ধ্যায় শোরগোল পড়ে যায় দমদম বিমানবন্দরে। বিমানটির শৌচালয় থেকে একটি সন্দেহজনক চিরকুট উদ্ধার হয়। তাতে লেখা ছিল, বিমানের ভিতরে বোমা রয়েছে। খবর ছড়াতেই তৎপর হয়ে ওঠে বিমানবন্দর কর্তৃপক্ষ। সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে শুরু হয় ব্যাপক তল্লাশি। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে গোরক্ষপুরের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল ইন্ডিগোর ওই বিমান। উড়ানের আগে নিয়মমাফিক শেষ মুহূর্তের পরীক্ষা চলছিল। সেই সময় বিমানের শৌচালয়ে একটি চিরকুট নজরে আসে পাইলটের। সেখানে বোমা থাকার হুমকি লেখা ছিল বলে দাবি।

বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থাগুলিকে খবর দেন পাইলট। কোনও ঝুঁকি না নিয়ে দ্রুত বিমানের সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এরপর বিমানটিকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে তল্লাশি শুরু করেন বম্ব স্কোয়াডের সদস্যরা। সিআইএসএফ জওয়ান, স্নিফার ডগ এবং বম্ব স্কোয়াড একযোগে বিমানের প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করতে শুরু করে। যাত্রীদের লাগেজও প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করা হয়। দীর্ঘ সময় ধরে তল্লাশি চললেও প্রাথমিকভাবে কোনও বিস্ফোরক পাওয়া গিয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি।

এদিকে ঘটনায় এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে শৌচালয়ে পাওয়া ওই চিরকুটের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। চিরকুটটি কে লিখেছিলেন এবং কী উদ্দেশ্যে সেটি সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বোমাতঙ্কের জেরে নির্ধারিত সময়ে গোরক্ষপুরের উদ্দেশে উড়তে পারেনি বিমানটি। নিরাপত্তা সংস্থার ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বিমানটি ওড়ানো হবে না বলেই জানা গিয়েছে। ফলে যাত্রীদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি খতিয়ে দেখার পাশাপাশি সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হতে পারে। গোটা ঘটনায় কোনও ষড়যন্ত্র রয়েছে, নাকি নিছক আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই চিরকুটটি রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles