নেপাল বিপর্যয়ের পর নিখোঁজ মুকুলের পুত্রবধূ, ডিএনএ নমুনা পাঠাল পরিবার
পোস্টে জানানো হয়েছে, শর্মিষ্ঠা ‘শুভম গেস্ট হাউস’-এ ছিলেন এবং তাঁকে শেষবার গিরং পোর্ট এলাকায় দেখা গিয়েছিল।
Truth of Bengal: নেপালের বিপর্যয়ের পর আটদিন কেটে গেলেও এখনও খোঁজ মেলেনি শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। স্ত্রীকে খুঁজে পেতে এবার সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছেন শুভ্রাংশু রায়। বুধবার রাতে ফেসবুকে পোস্ট করে স্ত্রীর সন্ধান চেয়েছেন তিনি।
পোস্টে জানানো হয়েছে, শর্মিষ্ঠা ‘শুভম গেস্ট হাউস’-এ ছিলেন এবং তাঁকে শেষবার গিরং পোর্ট এলাকায় দেখা গিয়েছিল। কোনও তথ্য পাওয়া গেলে ৯০৫১৩৭৭০৬৮ নম্বরে যোগাযোগের আবেদনও করা হয়েছে।
জানা গিয়েছে, ২১ আগস্ট একটি পর্যটন সংস্থার সঙ্গে ৩২ জনের দলে মানস সরোবরের উদ্দেশে রওনা দিয়েছিলেন শর্মিষ্ঠা। ২৬ আগস্ট নেপালের বিপর্যয়ের পর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
পরিবার সূত্রে খবর, শর্মিষ্ঠার ডিএনএ নমুনা সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে। পর্যটন সংস্থার দাবি, নিখোঁজ অন্য পর্যটকদের পরিবারের সদস্যরাও নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ডিএনএ নমুনা জমা দিয়েছেন।
নেপাল প্রশাসন অজ্ঞাতপরিচয় মৃতদেহগুলির ডিএনএ নমুনা সংরক্ষণ করছে বলে জানা গিয়েছে, যাতে পরে পরিবারের নমুনার সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা যায়। সময় যত যাচ্ছে, শর্মিষ্ঠার খোঁজ না মেলায় উদ্বেগও ততই বাড়ছে।






