দেশ

ইটালির ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী থেকে দীর্ঘতম শাসন! মেলোনিকে ‘খোলা চিঠি’ মোদির

তাঁর উদ্দেশে বিশেষ বার্তাও দিয়েছেন তিনি

Truth of Bengal: ইতালির রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়েছেন তিনি। এই সাফল্যের জন্য ‘বন্ধু’ মেলোনিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তাঁর উদ্দেশে বিশেষ বার্তাও দিয়েছেন তিনি। ২০২২ সালের অক্টোবর মাসে ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন জর্জিয়া মেলোনি। তারপর থেকে একটানা ১,৪১৩ দিন প্রধানমন্ত্রীর পদে রয়েছেন তিনি। যুদ্ধোত্তর ইতালিতে এত দীর্ঘ সময় একটানা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার নজির আর কারও নেই।

এর আগে এই রেকর্ড ছিল সিলভিও বেরলুসকোনির দখলে। তাঁর দ্বিতীয় দফার প্রধানমন্ত্রীত্ব স্থায়ী হয়েছিল ১,৪১২ দিন। সেই রেকর্ড একদিনের ব্যবধানে ভেঙে দিলেন মেলোনি। ইতালির রাজনৈতিক ইতিহাসের নিরিখে এই নজির বিশেষ তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেশটিতে ৬৮টি সরকার গঠিত হয়েছে। সরকার বদলের প্রবণতা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ইতালিতে দীর্ঘস্থায়ী সরকার খুব একটা দেখা যায়নি। সেই প্রেক্ষাপটে মেলোনির একটানা ক্ষমতায় থাকা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মেলোনির এই সাফল্যে অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদি এক্সে লেখেন, যুদ্ধোত্তর ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাঁর বন্ধু জর্জিয়া মেলোনিকে অভিনন্দন। মোদির মতে, এই নজির থেকেই স্পষ্ট হয় ইতালির মানুষের মেলোনির নেতৃত্বের প্রতি আস্থা কতটা গভীর।

একই সঙ্গে ভারত-ইতালি সম্পর্কের ক্ষেত্রেও মেলোনির ভূমিকার প্রশংসা করেন মোদি। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে মেলোনির বন্ধুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ভারত ও ইতালির জন্য আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে এই বন্ধুত্ব ও সহযোগিতা আগামী দিনেও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে চলতি বছরের জুন মাসে নিজের রাজনৈতিক কেরিয়ারেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছিলেন নরেন্দ্র মোদি। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে একটানা দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড অবশ্য এখনও জওহরলাল নেহরুর নামের সঙ্গেই যুক্ত। ১৯৫২ সালের ১৩ মে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১৯৬৪ সালের ২৭ মে মৃত্যু পর্যন্ত তিনি পদে ছিলেন। ওই সময়কাল ছিল ৪,৩৯৮ দিন। অন্যদিকে, ২০১৪ সালের মে মাস থেকে টানা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলে মোদিও দীর্ঘতম ধারাবাহিক মেয়াদের এক গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছেন।

Related Articles