দেশ

ওল্ড মঙ্ক’ কি আর রাম নয়? বিস্ফোরক দাবি FSSAI-এর, ব্র্যান্ডিং নিয়ে বড় আইনি বিপাক

বম্বে হাই কোর্টে শুনানির সময় এই অবস্থান স্পষ্ট করেছে FSSAI

Truth of Bengal: জনপ্রিয় রাম ব্র্যান্ড ‘ওল্ড মঙ্ক’-এর নামকরণ নিয়েই এবার আপত্তি তুলল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থার দাবি, নির্দিষ্ট উপাদান ও প্রস্তুতপ্রণালীর কারণে পণ্যটিকে সরাসরি ‘রাম’ হিসেবে বাজারে বিক্রি করা যাবে না। বম্বে হাই কোর্টে শুনানির সময় এই অবস্থান স্পষ্ট করেছে FSSAI। আদালতে সংস্থার পক্ষের আইনজীবী জানান, আপত্তি শুধুমাত্র পণ্যের লেবেলিং নিয়ে নয়, বরং তার উপাদান এবং প্রস্তুতির পদ্ধতি নিয়েও। FSSAI-এর বক্তব্য, সংশ্লিষ্ট পানীয়তে কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে রামের স্বাদ ও গন্ধ তৈরি করা হচ্ছে এবং তার সঙ্গে ব্যবহার করা হচ্ছে নিউট্রাল স্পিরিট।

নিয়ন্ত্রক সংস্থার মতে, রাম তৈরির একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ায় যে স্বাভাবিক স্বাদ ও গন্ধ তৈরি হওয়ার কথা, তা না করে নিউট্রাল স্পিরিটের সঙ্গে কৃত্রিম ফ্লেভার মিশিয়ে একই ধরনের স্বাদ ও গন্ধ তৈরি করা হলে সেই পানীয়কে সরাসরি ‘রাম’ বলা যায় না। এই যুক্তিতেই FSSAI-এর দাবি, ওল্ড মঙ্ককে ‘রাম’ হিসেবে বাজারজাত না করে লেবেলে ‘রাম ফ্লেভার্ড স্পিরিট’ জাতীয় উল্লেখ থাকা উচিত। ওল্ড মঙ্কের প্রস্তুতকারী সংস্থা মোহন মিকিন ইতিমধ্যেই আদালতের কাছে সংশোধিত লেবেলের একটি প্রস্তাব জমা দিয়েছে। FSSAI জানিয়েছে, সেই নতুন লেবেল খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ন্ত্রক সংস্থার নিয়ম মেনে গ্রহণযোগ্য কি না।

তবে অভিযোগ শুধু ওল্ড মঙ্ককে ঘিরেই নয়। আরও কয়েকটি ব্র্যান্ডের বিরুদ্ধেও একই ধরনের প্রশ্ন উঠেছে। অভিযোগ, কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে হুইস্কি বা রামের স্বাদ ও গন্ধ তৈরি করে সেগুলিকে আসল পণ্যের পরিচয়ে বাজারজাত করা হচ্ছে। এর পাশাপাশি ‘ওল্ড মঙ্ক XXX রাম’-এর একটি ভ্যারিয়্যান্টের লেবেলে থাকা ‘৭ বছরের পুরনো ব্লেন্ডেড’ দাবিও বিভ্রান্তিকর বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। FSSAI-এর বক্তব্য অনুযায়ী, ওই পণ্যের মূল অংশ ছিল নিউট্রাল বা অপরিপক্ব স্পিরিট। মিশ্রণে পরিপক্ব রামের পরিমাণ ছিল ৫ শতাংশেরও কম। ফলে গোটা পণ্যকে ৭ বছরের পুরনো বলে উল্লেখ করা ক্রেতাদের বিভ্রান্ত করতে পারে বলে দাবি করা হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনও ব্লেন্ডেড স্পিরিটের বয়স উল্লেখ করতে হলে মিশ্রণে ব্যবহৃত স্পিরিটগুলির মধ্যে সবচেয়ে কম বয়সের স্পিরিটের ভিত্তিতেই ‘এজ স্টেটমেন্ট’ দিতে হয়। সেই নিয়ম মেনে ‘৭ বছরের পুরনো’ দাবিটি আদৌ টিকবে কি না, এখন সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles