এবার রাজনীতির ময়দানে খলনায়িকা, গেরুয়া শিবিরে জনপ্রিয় অভিনেত্রী মানসী
সোশাল মিডিয়ায় সেই খবর নিজেই জানিয়েছেন মানসী
Truth of Bengal: ছোটপর্দায় কখনও খলনায়িকা, কখনও গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্র—বিভিন্ন ভূমিকায় দর্শকের কাছে পরিচিত মুখ মানসী সেনগুপ্ত। এবার অভিনয়ের পাশাপাশি শুরু করলেন নতুন ইনিংস। সরাসরি রাজনীতির ময়দানে পা রেখে গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় সেই খবর নিজেই জানিয়েছেন মানসী। জানা গিয়েছে, ভারতীয় জনতা মজদুর সেলের দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন মানসী সেনগুপ্ত। গত বৃহস্পতিবার তাঁর নতুন দায়িত্ব গ্রহণের ছবি প্রকাশ্যে আসে সোশাল মিডিয়ায়। অভিনয় জগতের পরিচিত মুখের বিজেপি-যোগ ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে আলোচনা।
রাজনৈতিক জীবনের সূচনাটা তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও জানিয়েছেন মানসী। কারণ, যে দিনে তাঁর নতুন পথচলা শুরু হল, সেই সময় জুড়ে পালিত হচ্ছিল মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক অনুষ্ঠান। অভিনয় জগতের মানুষ হিসাবে একদিকে মহানায়ককে ঘিরে আবেগ, অন্যদিকে একই সময়ে জীবনের নতুন অধ্যায়ের সূচনা—সব মিলিয়ে দিনটিকে ‘বিশেষ’ হিসাবেই দেখছেন অভিনেত্রী। রাজনীতিতে নামার পর নিজের অবস্থানও স্পষ্ট করেছেন মানসী। তাঁর বক্তব্য, অতীতে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন না। কোনও রাজনৈতিক মিটিং বা মিছিলে অংশ নেননি। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি থাকলেও তা একজন অভিনেত্রী হিসাবেই ছিল বলে জানিয়েছেন তিনি।
একই সঙ্গে অতীতের রাজনৈতিক বিতর্কে জড়াতেও নারাজ মানসী। তৃণমূল সরকার কী করেছে, কোথায় ভুল হয়েছে বা কার কী ভূমিকা ছিল—এসব নিয়ে এখন কোনও বিতর্কে যেতে চান না তিনি। বরং নতুন দায়িত্ব পাওয়ার পর সাধারণ মানুষের জন্য কীভাবে কাজ করা যায়, সেই দিকেই নজর দিতে চান অভিনেত্রী। মানসীর কথায়, রাজনৈতিক তরজার চেয়ে মানুষের উন্নয়নই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্বের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা, তাঁদের প্রয়োজন এবং উন্নয়নের বিষয়গুলি নিয়ে কাজ করতে চান তিনি। ছোটপর্দায় দীর্ঘদিন ধরে পরিচিত মানসীকে দর্শক মূলত বিভিন্ন ধারাবাহিকে চরিত্রাভিনেত্রী হিসাবেই দেখে এসেছেন। এবার অভিনয়ের পরিচিত পরিসর ছেড়ে রাজনীতির ময়দানে তাঁর পথচলা কতটা প্রভাব ফেলতে পারে, সেদিকেই নজর থাকবে। পাশাপাশি নতুন ভূমিকায় বিজেপির সংগঠনে তিনি ঠিক কী দায়িত্ব পালন করেন, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।






