রাজ্যের খবর

হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হতেই অ্যাকশন! পুরুলিয়া থেকে গ্রেফতার অদিতি মুন্সির স্বামী দেবরাজ

১০০ কোটির সম্পত্তি নয়ছয়ের মামলা! পুরুলিয়া থেকে গ্রেপ্তার অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী

Truth of Bengal: ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তি বেনামে হস্তান্তর ও হিসাব নয়ছয়ের মারাত্মক অভিযোগে গ্রেফতার হলেন রাজারহাট-গোপালপুরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট গায়িকা অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী। বুধবার সুদূর পুরুলিয়া থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। এর আগে আইনি রক্ষাকবচ চেয়ে অদিতি ও দেবরাজ দুজনেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে চার মাসের শিশুসন্তানের কথা বিবেচনা করে আদালত অদিতি মুন্সিকে অন্তর্বর্তীকালীন ছাড় বা রক্ষাকবচ দিলেও, তাঁর স্বামী দেবরাজের আবেদন সম্পূর্ণ খারিজ করে দেয়। আর সেই সুযোগেই বড়সড় অ্যাকশন নিল পুলিশ।

বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এলাকায় অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবেই পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজারহাট-গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি মুন্সী এবং তাঁর স্বামী দেবরাজ তাঁদের প্রায় ১০০ কোটি টাকার বিপুল সম্পত্তি বেনামে এবং নিজেদের আত্মীয়-পরিচিতদের নামে তড়িঘড়ি হস্তান্তরিত করেছিলেন। এই দম্পতির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি অর্জন, কোটি কোটি টাকার কর ফাঁকি এবং বেআইনিভাবে অর্থপাচারের (Money Laundering) মতো একাধিক অত্যন্ত গুরুতর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি, নির্বাচনের সময় নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামাতেও অদিতি নিজের আসল সম্পত্তি কম করে দেখিয়ে জালিয়াতি করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

তদন্তকারীদের দাবি, শুধুমাত্র আয়ের অসঙ্গতিই নয়, বিধাননগর এবং রাজারহাট এলাকায় বেআইনি সিন্ডিকেট চালানো, প্রোমোটারদের থেকে কোটি কোটি টাকা তোলাবাজি এবং জমি জবরদখলের মতো বিবিধ অভিযোগের তালিকায় নাম রয়েছে দেবরাজের। এছাড়া ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার একটি মামলাতেও সিবিআইয়ের আতশকাচের তলায় ছিলেন তিনি। সম্প্রতি দেবরাজের অত্যন্ত ঘনিষ্ঠ দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় এবং সেখান থেকেই দেবরাজের আত্মগোপন করে থাকার সমস্ত লিঙ্ক পায় পুলিশ।

কলকাতা হাই কোর্ট দেবরাজের দ্বিতীয়বারের রক্ষাকবচের আবেদন খারিজ করার সময়ই স্পষ্ট জানিয়ে দিয়েছিল, অদিতির চার মাসের সন্তান থাকায় তাঁর আবেদন মঞ্জুর করা হলেও দেবরাজকে কোনও রেয়াত করা হবে না। তবে তদন্তের স্বার্থে এই দম্পতিকে পুলিশকে সবরকম সহযোগিতা করতে হবে। হাইকোর্টের সেই সবুজ সংকেত মিলতেই বুধবার পুরুলিয়ায় হানা দিয়ে দেবরাজকে জালে তুলল পুলিশ।

Related Articles