কলকাতা

গাড়ির ভিতরে অভিষেক, ফুটবোর্ডে ঝুলন্ত নিরাপত্তারক্ষীরা, ‘যুবরাজের’ বিরুদ্ধে কালীঘাট থানায় FIR

এবার মোটর ভেহিক্যাল অ্যাক্ট ও BNS ধারায় কালীঘাট থানায় এফআইআর অভিষেকের বিরুদ্ধে

Truth of Bengal: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি অস্বস্তি যেন কিছুতেই কমছে না। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একের পর এক মেগা কেলেঙ্কারির তদন্তের মাঝেই এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে বড়সড় আইনি জটে জড়ালেন তিনি। ট্রাফিক আইন তথা মোটর ভেহিক্যাল অ্যাক্ট লঙ্ঘন এবং চলন্ত গাড়িতে বিপজ্জনকভাবে যাতায়াত করার অভিযোগে এবার সরাসরি কালীঘাট থানায় এফআইআর (FIR) দায়ের হলো তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের বিরুদ্ধে।

জানা গিয়েছে, বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার নামে এক ব্যক্তি এই মর্মে কালীঘাট থানায় একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগকারীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের গাড়িতে তাঁর নিজস্ব নিরাপত্তারক্ষীরা অত্যন্ত বিপজ্জনকভাবে ঝুলে ঝুলে যাতায়াত করেন, যা দেশের সড়ক ও ট্রাফিক আইনের পরিপন্থী। অভিযোগপত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, দ্য মোটর ভেহিক্যাল অ্যাক্টের ১২৩ নম্বর ধারা অনুযায়ী, কোনো চলন্ত গাড়িতে চালক বা আরোহী এভাবে ঝুলে যাতায়াত করতে পারেন না। পাশাপাশি ১৮৪ নম্বর ধারা অনুযায়ী, চলন্ত গাড়িতে এমন বিপজ্জনক স্টান্ট বা যাতায়াত আইনত দণ্ডনীয় অপরাধ। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ২৮১, ১২৫, ২২৩ এবং ৩(৫) ধারায় অভিষেকের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

এমনিতে নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডি ও সিবিআইয়ের আতশকাচের তলায় রয়েছেন অভিষেক। সম্প্রতি সুজয়কৃষ্ণ ভদ্র কাণ্ডের পাশাপাশি সই জাল জালিয়াতি মামলা এবং ডিজে মন্তব্য মামলাতেও তাঁর অস্বস্তি বহুগুণ বেড়েছে। সই জাল কাণ্ডে সিআইডির (CID) তিন-তিনবার হাজিরা এড়িয়ে গেলেও পরবর্তীতে ভবানী ভবনে গিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। এর মাঝেই আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিজিও কমপ্লেক্সে ইডির জেরার মুখেও পড়েন তিনি।

শুধু রাজ্যেই নয়, ভিন রাজ্যেও অভিষেকের আইনি ভাগ্য বেশ টালমাটাল। সম্প্রতি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়র দায়ের করা একটি মানহানি মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্ট অভিষেকের আইনি রক্ষাকবচ সরাসরি প্রত্যাহার করে নিয়েছে। এর ওপর ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’ প্রকল্প নিয়ে স্বাস্থ্যসাথী কার্ড জালিয়াতির ভুয়ো চিকিৎসা মামলা তো রয়েছেই। এই সমস্ত বড় দুর্নীতির মামলার পাহাড়ের ওপর এবার ট্রাফিক আইন ও ভারতীয় ন্যায় সংহিতার নতুন এই এফআইআর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চারপাশের আইনি ফাঁস আরও কঠোরভাবে চেপে ধরল, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

Related Articles