কুয়াশার দাপটে ক্ষতি আলু চাষে, চাষিরা তাকিয়ে প্রশাসনের দিকে
Damage due to fog in potato cultivation

The Truth of Bengal: কিছুদিন আগে অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছিল আলু চাষে। সদ্য লাগানো বীজ থেকে গাছ হতেই তা বৃষ্টির জলে নষ্ট হয়ে গিয়েছিল। ক্ষতি সামলে নিয়ে আবার নতুন করে বীজ লাগিয়েছিলেন চাষিরা। ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর আগে ফের নতুন সমস্যা। আকাশ মোটামুটি পরিষ্কার। গত কয়কদিনও বৃষ্টি হয়নি। তবুও ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা। শীত কমে যাওয়া ও কুয়াশার দাপটে আলু চাষে দেখা দিয়েছে নতুন রোগ।
গাছে পোকার আক্রমণ বাড়ছে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা বুঝতে পারছেন না চাষিরা। মাথায় হাত গোটা আরামবাগ মহকুমা সহ জেলার আলু চাষিদের। কুয়াশার দাপটে রোদের দেখা মিলছে না। আলু গাছ সব নেতিয়ে পড়েছে। এবার যদি আবার নাভি-ধ্বসা রোগ হয় তা হলে আরও বড় ক্ষতি। তখন সব আলু নষ্ট হয়ে যাবে। বৃষ্টিতে ক্ষতি হয়ে যাওয়ার পর ঋণ নিয়ে নতুন করে বীজ লাগিয়েছিলেন চাষিরা।
ফের ক্ষতির মুখে পড়ে এখন অসহায় হয়ে পড়েছেন তাঁরা। আলু চাষের জন্য দরকার কড়া শীত। এবছর এখনও পর্যন্ত তেমন শীত পড়েনি। তাঁর ওপর কুয়াশা বাড়তে থাকায় ফের সমস্যা দেখা দিয়েছে আলু চাষে। সদ্য হওয়া গাছে নানা পোকা মাকড় আক্রমণ করছে। ফলে বেড়ে উঠতে পারছে না গাছ। জেলার বেশিরভাগ চাষি ঋণ নিয়ে আলু চাষ করেন। পরপর ক্ষতির মুখে পড়ে অসহাড় হয়ে পড়েছেন সেই চাষিরা। সাহায্যের আশায় তাঁরা এখন তাকিয়ে আছেন প্রশাসনের দিকে।






