কলকাতারাজ্যের খবর

দক্ষিণবঙ্গে ফের অতিভারী বৃষ্টির পূর্বাভাস! আলিপুর হাওয়া অফিসের বড় আপডেট

বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে

Truth of Bengal: দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূলের জেলাগুলিতেও দু-এক জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।

শুক্রবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় খুব একটা পরিবর্তন হবে না। আকাশ আংশিক মেঘলা থেকে কখনও সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। তবে শনিবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হুগলি—এই চার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া—এই পাঁচ জেলায়।

সোমবারও দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির কোনও বিশেষ সতর্কতা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বৃহস্পতিবার দার্জিলিং-সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। এদিকে সমুদ্রের পরিস্থিতি আপাতত উদ্বেগজনক নয়। মৎস্যজীবীদের জন্য কোনও বিশেষ সতর্কবার্তা জারি করা হয়নি। সব মিলিয়ে সপ্তাহের শেষভাগে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়লেও উত্তরবঙ্গে ধীরে ধীরে কমতে পারে বর্ষণের তীব্রতা।

Related Articles