রাজ্যের খবর

মালদহ কাণ্ডে সিআইডি-র বড় সাফল্য, পালানোর পথে বাগডোগরা থেকে গ্রেফতার ২

তারা বিমানে করে বেঙ্গালুরুতে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিলেন

Truth Of Bengal: মালদহের মোথাবাড়িতে ভোটার তালিকা সংশোধনের কাজকে কেন্দ্র করে সৃষ্ট তাণ্ডবে উস্কানি দেওয়ার অভিযোগে মূল অভিযুক্ত মোফ্ফাকারুল ইসলামকে গ্রেফতার করল সিআইডি। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে পালানোর সময় তাঁকে ও তাঁর এক সঙ্গীকে পাকড়াও করা হয়। পুলিশের দাবি তারা বিমানে করে বেঙ্গালুরুতে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিলেন।

গত বুধবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নেয় মোথাবাড়ি এবং সুজাপুর এলাকা। অভিযোগ ওঠে পেশায় আইনজীবী মোফ্ফাকারুল ইসলাম একটি গাড়ির ওপর দাঁড়িয়ে উত্তেজিত জনতাকে প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছিলেন যার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। উত্তরবঙ্গের আইজি জানিয়েছেন যে কালিয়াচক থানায় মোফ্ফাকারুলের নামে তিনটি নির্দিষ্ট মামলা সহ মালদহ জেলা জুড়ে মোট ১৯টি মামলা দায়ের করা হয়েছে এবং এখন পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ৩৫ জনে পৌঁছেছে।

এই ঘটনার আঁচ পৌঁছেছে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের কালিয়াচক-২ ব্লক অফিসে রাতভর আটকে রাখার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এই ঘটনা বিচারবিভাগীয় আধিকারিকদের মনোবল ভেঙে দেওয়ার একটি নিকৃষ্ট প্রচেষ্টা এবং সুপ্রিম কোর্টকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর শামিল। আদালত স্পষ্ট করে দিয়েছে যে আধিকারিকরা আদালতের নির্দেশেই কাজ করছিলেন এবং তাঁদের ওপর এই ধরনের আক্রমণ কোনও সাধারণ ঘটনা নয়। বর্তমানে ধৃতদের মালদহে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সিআইডি ঘটনার গভীরে পৌঁছাতে তদন্ত জারি রেখেছে।

Related Articles