বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস
শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন
Truth of Bengal: আষাঢ়ের চেনা মেজাজে ফিরল দক্ষিণবঙ্গের আবহাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হওয়া মরশুমের প্রথম নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর জেরেই শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন। রাতভর দফায় দফায় বৃষ্টির পর আজ দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুপুরের পর এই নিম্নচাপটি বাংলা ও ওডিশা উপকূলের আরও কাছাকাছি চলে আসতে পারে, যার ফলে সপ্তাহান্তেই ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই চরম সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী দুর্যোগের আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে জারি করা হয়েছে লাল সতর্কতা (Red Alert)। এছাড়া হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা (Orange Alert) জারি রয়েছে। আজ কলকাতার আকাশেও সকাল থেকে মেঘের ঘনঘটা। মহানগরে যে কোনও মুহূর্তে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সন্ধ্যার পর আরও বাড়তে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি।
রবিবার অর্থাৎ আগামীকাল পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া— এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের গতিপ্রকৃতি ও শক্তির ওপর নির্ভর করে বাকি জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। এই দুর্যোগের জেরে সমুদ্র মারাত্মক উত্তাল থাকার কারণে আগামী ৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। উপকূলবর্তী এলাকাগুলিতেও নজরদারি ও সতর্কতা বাড়ানো হয়েছে।

দক্ষিণবঙ্গে যখন দুর্যোগের মেঘ, উত্তরবঙ্গের ছবিটা ঠিক তার উল্টো। আপাতত সেখানে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। মালদা বা দুই দিনাজপুরের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য এখনই স্বস্তির বার্তা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নতুন সপ্তাহের শুরু থেকেই পাহাড়ি জেলাগুলিতে ফের বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।





