কলকাতারাজ্যের খবর

ধেয়ে আসছে জোড়া নিম্নচাপ! মাটি হবে লক্ষ্মীপুজো? সতর্ক বার্তা আবহাওয়া দফতরের

এই নিম্নচাপ পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে

Truth of Bengal: দুর্গাপুজো মিটতেই আবহাওয়ার নতুন করে ভোলবদলের ইঙ্গিত। বঙ্গোপসাগর ও আরব সাগরে একসঙ্গে তৈরি হয়েছে দুটি নিম্নচাপ। পাশাপাশি, থাইল্যান্ড উপকূল থেকে একটি ঘূর্ণাবর্ত এসে পৌঁছেছে আন্দামান সাগরে। সেখান থেকেই আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়ার কয়েকটি মডেল এই নিম্নচাপ পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে। যদিও এ বিষয়ে এখনও কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি ভারতের মৌসম ভবন। অন্যদিকে, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের গোড়ায় রাজ্যের একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি সোমালিয়া উপকূলের দিকে এগোতে পারে। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটির অভিমুখ তামিলনাড়ু উপকূলের দিকে। এরই মধ্যে আন্দামান সাগরে পৌঁছেছে থাইল্যান্ড উপকূলের ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবারের মধ্যে পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে সেটির গতিপ্রকৃতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর আবহাওয়াবিদদের।

দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি?

পুজোর বাকি দিনগুলিতে আপাতত স্বস্তির আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। লক্ষ্মীপুজো পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের সময়ও অধিকাংশ জেলায় আবহাওয়া অনুকূল থাকার ইঙ্গিত রয়েছে। তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় বেলার দিকে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে সামান্য অস্বস্তি অনুভূত হতে পারে। সকাল ও সন্ধ্যার আবহাওয়া তুলনায় মনোরম থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও সকাল এবং সন্ধ্যার দিকে স্বস্তিদায়ক পরিবেশ থাকার সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী, ২৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ২৬ অক্টোবর থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার, ২৭ অক্টোবর থেকে উপকূলবর্তী ও সংলগ্ন কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টির পরিমাণ ও বিস্তার নির্ভর করবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের গতিপ্রকৃতির উপর।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। সকাল ও সন্ধ্যায় আবহাওয়া থাকবে মনোরম। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত মিলেছে। লক্ষ্মীপুজো পর্যন্তও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া থাকতে পারে।

Related Articles