কলকাতা

নারী সুরক্ষায় ‘ইন্টিগ্রেটেড হেল্পলাইন’ থেকে বেআইনি পার্কিংয়ে কোপ, বড় ঘোষণা অগ্নিমিত্রার

নারী ও শিশু হেল্পলাইনকে একত্রিত করে একটি শক্তিশালী ‘ইন্টিগ্রেটেড হেল্পলাইন’ ব্যবস্থা চালু করা হবে

Truth of Bengal: রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নারী সুরক্ষা ও নাগরিক পরিষেবা উন্নত করতে বিশেষ তৎপরতা শুরু করল নতুন সরকার। নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েই একগুচ্ছ নয়া পরিকল্পনার কথা ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মূলত মহিলা ও শিশুদের জন্য একটি সমন্বিত হেল্পলাইন ব্যবস্থা এবং শহরের বেআইনি পার্কিং বন্ধ করাই এখন সরকারের অগ্রাধিকার। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, বর্তমানে আলাদা কোনো মহিলা হেল্পলাইন নম্বর না থাকায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে চাইল্ড হেল্পলাইন নম্বরটিকেই ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খুব শীঘ্রই নারী ও শিশু হেল্পলাইনকে একত্রিত করে একটি শক্তিশালী ‘ইন্টিগ্রেটেড হেল্পলাইন’ ব্যবস্থা চালু করা হবে। এর পাশাপাশি দুটি দপ্তরের জন্যই পৃথক কল সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে সাধারণ মানুষ সরাসরি নিজেদের অভাব-অভিযোগ জানাতে পারবেন।

ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে মহিলা সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রতিটি মণ্ডলে মহিলা পুলিশ স্টেশন তৈরি, ২৪ ঘণ্টার মহিলা ডেস্ক এবং বিশেষ পুলিশ ব্যাটালিয়ন ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’ গঠনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গঠনের পর সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে বলে এদিন জানান মন্ত্রী। নারী সুরক্ষার পাশাপাশি শহরের ট্রাফিক ও পার্কিং ব্যবস্থা নিয়েও কড়া বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়েছেন, শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বেআইনি পার্কিং কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শুধুমাত্র অনুমোদিত এলাকাতেই গাড়ি পার্ক করা যাবে। ভুয়ো বিল দেখিয়ে পার্কিংয়ের নামে টাকা তোলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী।

প্রশাসনের এই জোড়া পদক্ষেপে একদিকে যেমন মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে, অন্যদিকে নাগরিক পরিষেবাতেও স্বচ্ছতা ফিরবে বলে আশা করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পরেই মন্ত্রীর এমন সক্রিয় ভূমিকা রাজ্য রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles